শ্রমিক খুনের দায়ে দুজনের যাবজ্জীবন
কিশোরগঞ্জের ভৈরবে জুতার কারখানার শ্রমিক রবিনকে খুনের দায়ে তার দুই সহকর্মীকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও এক বছর করে সশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত।
আজ মঙ্গলবার দুপুরে কিশোরগঞ্জের জেলা ও দায়রা জজ আ ম মো. সাঈদ এ রায় দেন।
সাজা পাওয়া আসামিরা হলেন ভৈরব পৌর শহরের কমলপুর মহল্লার জুয়েল মিয়া (১৯) ও শম্ভুপুর গ্রামের মাসুদ মিয়া (২০)।
মামলার নথিপত্র থেকে জানা গেছে, ভৈরব পৌর শহরের গাছতলাঘাট মহল্লার রবিন (১২), মাসুদ ও জুয়েল স্থানীয় হাজী মার্কেটের জুতার কারখানায় শ্রমিক হিসেবে কাজ করত। ২০১০ সালের ২২ মে রাতে কাজ শেষে ওই কারখানায় তিনজন একসঙ্গে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে জগন্নাথপুর মহল্লার ইউসুফ আলী উচ্চবিদ্যালয়ের সামনে রবিনের জবাই করা লাশ উদ্ধার করে পুলিশ। নিহত রবিনের বাবা রহিজ উদ্দিন ভূঁইয়া বাদী হয়ে ওই দিনই ভৈরব থানায় হত্যা মামলা করেন। হত্যার সঙ্গে জড়িত সন্দেহে মাসুদ ও জুয়েলকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁরা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।