শ্রমিক ছাঁটাইকে কেন্দ্র করে পোশাক কারখানা বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদর উপজেলায় গতকাল রোববার থেকে একটি পোশাক তৈরির কারখানা অনির্দিষ্ট কালের জন্য বন্ধ করে পুলিশ মোতায়েন করেছে কর্তৃপক্ষ। কারখানার ছাঁটাই করা ৩০ শ্রমিককে পুনর্বহালের দাবিতে শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভের মুখে কারখানাটি বন্ধ করে দেওয়া হয়। জানা গেছে, উপজেলার জিরানি এলাকার ডরিন গার্মেন্টস লিমিটেডে শ্রমিক বিক্ষোভ চলছিল। কারখানাটির কর্মকর্তা সারওয়ার ও জাকির হোসেনকে ২৫ জানুয়ারি কয়েকজন শ্রমিক মারধর করেন। এরপর বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে গত বৃহস্পতিবার ৩০ জন শ্রমিককে ছাঁটাই করা হয়। পরদিন শুক্রবার কারখানা বন্ধ ছিল। শনিবার থেকে প্রায় দুই হাজার শ্রমিক ছাঁটাই হওয়াদের পুনর্বহালের দাবিতে কর্মবিরতি শুরু করেন। গতকাল সকালে শ্রমিকেরা কর্মবিরতির পাশাপাশি বিক্ষোভ শুরু করলে দুপুরে কারখানা বন্ধ ঘোষণা করা হয়।নাম প্রকাশে অনিচ্ছুক এক শ্রমিক জানান, মালিকপক্ষ একতরফাভাবে ওই ৩০ জনকে ছাঁটাই করে। তিনি দাবি করেন, শ্রমিকেরা কোনো কর্মকর্তাকে মারধর বা বিশৃঙ্খলা সৃষ্টি করেননি। কারখানার উপ-মহাব্যবস্থাপক কাজী শাহাদত আলী জানান, শ্রম আইন মেনেই ওই শ্রমিকদের অপসারণ ও পাওনা পরিশোধ করা হয়েছে। বেআইনিভাবে কর্মবিরতি চালানো হচ্ছিল। কারখানা চালুর বিষয়টি পরবর্তী সময়ে নোটিশের মাধ্যমে শ্রমিকদের জানিয়ে দেওয়া হবে। গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক কবীর হোসেন জানান, কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কারখানা এলাকায় নিরাপত্তার স্বার্থেই অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।