শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে ও সমবেতনের দাবিতে আশুলিয়ায় বিক্ষোভ
শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদ ও সমবেতনের দাবিতে ঢাকার সাভারের আশুলিয়ায় ঢাকা রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকা (ডিইপিজেড) এবং মুজারমিল এলাকার দুটি কারখানার শ্রমিকেরা গতকাল মঙ্গলবার কর্মবিরতি বিক্ষোভ করেন। শ্রমিকেরা জানিয়েছেন, ডিইপিজেড এলাকার হোপলন প্যাকেজিং বিডি লিমিটেড নামে একটি পোশাক কারখানার ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মহায়মেনুল ইসলাম ওরফে শুভকে গত সোমবার চাকরিচ্যুত করা হয়। শ্রমিকদের দাবি, তাঁকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে। এর প্রতিবাদে গতকাল কর্মস্থলে এসে ওই কারখানার প্যাকেজিং বিভাগের কয়েক শ শ্রমিক কাজ বন্ধ করে সকাল থেকে বিকেল চারটা পর্যন্ত বিক্ষোভ করেন।ডিইপিজেডের মহাব্যবস্থাপক (জিএম) আশরাফুল কবীর প্রথম আলোকে জানান, প্রতিষ্ঠানের স্বার্থবিরোধী কাজের সঙ্গে জড়িত থাকার অভিযোগে শুভকে চাকরিচ্যুত করা হয়।এদিকে আশুলিয়ার মুজারমিল এলাকার কুশিয়ারা কম্পোজিট লিমিটেড নামের একটি পোশাক কারখানার শ্রমিকেরা সমবেতনের দাবিতে বিক্ষোভ করেছেন। শ্রমিকেরা জানিয়েছেন, কারখানার এক হাজার শ্রমিকের মধ্যে দেড় শ শ্রমিক দীর্ঘদিন ধরে দৈনিক মজুরির ভিত্তিতে কাজ করে আসছেন। মাসের শেষে তাঁরা নিয়মিত শ্রমিকদের চেয়ে বেতন বেশি পান। গত সোমবার সকাল ১০টায় কাজ বন্ধ করে দিনভর বিক্ষোভ করেন। পরে কর্তৃপক্ষের আশ্বাসের পরিপ্রেক্ষিতে শ্রমিকেরা বিকেল চারটার দিকে বিক্ষোভ প্রত্যাহার করেন।