শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে শতাধিক যানবাহন ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তায় গোল্ডেন টাইমস সোয়েটার কারখানার শ্রমিকেরা গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত দুই ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রেখে শতাধিক যানবাহন ভাঙচুর করেন। তাঁরা ঈদের বকেয়া বোনাস, ৪০ কর্মচারী ও পৌনে তিন শ শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে এ ভাঙচুর চালান। তবে পুলিশের সঙ্গে শ্রমিকদের পাল্টাপাল্টি ধাওয়া, ইটপাটকেল ও ১৫টি কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপের পর বিকেল সাড়ে পাঁচটার দিকে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে। শ্রমিকেরা জানান, ঈদের আগে কর্তৃপক্ষ স্বেচ্ছায় তাঁদের ১৭ আগস্ট বোনাস প্রদানের ঘোষণা দেয়। যেসব শ্রমিকের চাকরির বয়স ছয় মাস, তাঁদের ৬০০ টাকা এবং যাঁদের চাকরির বয়স এক বছরের বেশি, তাঁদের এক হাজার ১০০ টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দেয়। পরে কর্তৃপক্ষ ঈদের আগেই ব্যাংকে টাকা না থাকার অজুহাতে ঈদের পর বোনাস দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে কারখানা বন্ধ করে দেয়। ৫ সেপ্টেম্বর কারখানা খোলা হলে শ্রমিকেরা কাজে যোগ দিতে এলে কারখানার প্রধান ফটকে তাঁদের ঢুকতে দেওয়া হয়নি। পরদিন ৬ সেপ্টেম্বর কারখানার তৃতীয় ও চতুর্থ তলার নিটিং শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধের নোটিশ ঝুলিয়ে দেওয়া হয়। শ্রমিকেরা আরও জানান, কর্তৃপক্ষ তাঁদের প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহের প্রথম দিনে বেতন দেয়। সেই অনুযায়ী তাঁরা গতকাল আগস্ট মাসের বকেয়া বেতন ও বোনাসের জন্য গেলে কর্তৃপক্ষ তৃতীয় ও চতুর্থ তলার বেতন না দেওয়ার ঘোষণা দেয়। এ ঘোষণার পর শ্রমিকেরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে কারখানার মহাব্যবস্থাপক মুন্সী ইমতিয়াজ আহমেদসহ অন্য কর্মকর্তারা কারখানা ছেড়ে পালিয়ে যান। প্রত্যক্ষদর্শীরা জানান, কারখানা কর্তৃপক্ষের লোকজন পালিয়ে যাওয়ার খবর প্রচার হলে শ্রমিকেরা বেলা সাড়ে তিনটার সময় মাওনা চৌরাস্তা পল্লী বিদ্যুতের মোড়ে মহাসড়কে ইটের এক ফুট উচ্চতার দেয়াল তৈরি করে অবরোধ সৃষ্টি করেন। অবরোধে মাওনা চৌরাস্তা পল্লী বিদ্যুতের দুই পাশে ১০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এ সময় শিল্প পুলিশ, মাওনা হাইওয়ে থানা ও শ্রীপুর থানার পুলিশ ঘটনাস্থলে এসে অবরোধ তুলে নিতে শ্রমিকদের অনুরোধ করে। বিকেল পাঁচটার দিকে শ্রমিকেরা অবরোধ তুলে না নিলে পুলিশ শ্রমিকদের ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেয়। পরে শ্রমিকেরা কয়েকটি ভাগে বিভক্ত হয়ে মহাসড়কে যানজটে আটকে পড়া শতাধিক যানবাহন ভাঙচুর করেন। এ সময় প্রায় আধাঘণ্টা শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এতে করে আশপাশের এক কিলোমিটারজুড়ে সব ধরনের দোকানপাট ও পথচারীদের চলাচল বন্ধ হয়ে যায়।শ্রীপুর থানার সহকারী পুলিশ সুপার (এএসপি) মশিউদ্দৌলা রেজা বলেন, শ্রমিকদের থামাতে ১৫টি কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করা হয়েছে। ভাঙচুরের সময় দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। সন্ধ্যা ছয়টার দিকে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেবাশীষ নাগ ঘটনাস্থলে গিয়ে মুন্সী ইমতিয়াজ উদ্দিনের সঙ্গে ফোনে কথা বলে শ্রমিকদের বলেন, আগামী ১১ সেপ্টেম্বর বকেয়া বেতন ও ১৫ সেপ্টেম্বর কারখানা খুলে দেওয়া হবে। এ ছাড়া ছাঁটাই করা শ্রমিকদের কাজে যোগদানের অনুমতি দেওয়া হবে।