
যথাযথ আইনি প্রক্রিয়ায় কারখানা বন্ধ করলে শ্রমিকদের চাকরিচ্যুতির ক্ষতিপূরণ হিসেবে বিপুল অঙ্কের অর্থ দিতে হবে। বকেয়া ঈদ বোনাসও পরিশোধ করতে হবে। শ্রমিকদের অভিযোগ, এসব এড়াতে তোবা গ্রুপের মালিক দেলোয়ার হোসেন বেছে নিয়েছেন ভিন্ন পথ। ন্যায্য পাওনার দাবিতে শ্রমিকদের আন্দোলনকে ‘অবৈধ ধর্মঘট’ আখ্যা দিয়ে দুই মাসের আগের তারিখ দেখিয়ে পাঁচ কারখানা বন্ধ করেছেন তিনি।
এ ছাড়া শ্রমিকদের যাতে কোনো ধরনের ক্ষতিপূরণ দিতে না হয়, সে জন্যই শ্রম আইন, ২০০৬-এর ১৩ (১) ধারা বেছে নিয়েছেন তোবার মালিক। এই ধারা অনুযায়ী কারখানা বন্ধ হলে শ্রমিকেরা কিছু পাবেন না। আর দেলোয়ারের এই পদক্ষেপকে সমর্থন দিয়ে পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএর নেতারা বলছেন, আইনসম্মতভাবে কারখানাগুলো বন্ধ করেছেন মালিক।
এদিকে ১৮ আগস্ট দেওয়া কারখানা বন্ধের নোটিশে তোবার মালিক অভিযোগ করেছেন, শ্রমিকেরা ধর্মঘটের নামে কারখানার মালামাল লুট এবং মেশিনের যন্ত্রাংশ ও কাঁচামাল নষ্ট করে। অথচ এত কিছুর পরও পাঁচ কারখানা মেশিনসহ অন্যান্য যন্ত্রপাতি তিনি ৫০ লাখ টাকায় বিক্রি করেছেন।
অবশ্য শ্রম আইন বিশেষজ্ঞরা বলছেন, পেছনের তারিখে (ব্যাক ডেট) কারখানা বন্ধ কোনো আইনই সমর্থন করে না। আইন হচ্ছে, যে তারিখে কারখানা বন্ধ হবে, সেদিনই শ্রমিকদের জানানোর জন্য নোটিশ দিতে হবে। আর শ্রমিকদের ছাঁটাই করতেও এক মাসের নোটিশ দিতে হয়। এ জন্য তাঁদের এক মাসের মূল মজুরি দিতে হবে। তা ছাড়া কোনো শ্রমিক ১০ বছরের কম সময় কারখানায় কাজ করলে তাঁকে প্রতি বছরের জন্য এক মাসের মূল মজুরি হিসেবে ক্ষতিপূরণ দিতে হবে। আর ১০ বছরের বেশি সময় হলে প্রতি বছরের জন্য ৪৫ দিন হিসেবে মূল মজুরি দিতে হবে।
এ বিষয়ে বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের (বিলস) সহকারী নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহম্মেদ প্রথম আলোকে বলেন, শ্রমিকদের ঈদ বোনাস ও চাকরিচ্যুতির ক্ষতিপূরণ না দেওয়ার জন্য দেলোয়ার হোসেন এই ফন্দিফিকির করেছেন। শ্রমিকেরা মামলা করলে আইনের একটি শব্দও দেলোয়ারের পক্ষে যাবে না।
খোঁজ নিয়ে জানা যায়, ৫ আগস্ট জামিনে মুক্তি পাওয়ার পর দেলোয়ারকে প্রকাশ্যে দেখা না গেলেও বিজিএমইএর নেতাদের সঙ্গে তিনি সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করেন এবং জমি বিক্রি করে শ্রমিকদের জুলাই মাসের বেতন ও ওভারটাইমের টাকা পাঠান। গত রোববারও বিজিএমইএ কার্যালয়ে শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন।
এদিকে, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে। অধিদপ্তরের কর্মকর্তারা জানান, শ্রম আইন পরীক্ষা-নিরীক্ষার পর মালিককে লিখিত চিঠি দিয়ে যথাযথ প্রক্রিয়ায় কারখানা বন্ধ করার নির্দেশ দেওয়া হবে। তার পরও সমাধান না হলে মামলা করা হবে।
দেলোয়ার যে অজুহাতে কারখানা বন্ধ করেছেন, সেটি সঠিক কি না, এমন প্রশ্নের জবাবে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মো. মশিউর রহমান বলেন, ‘আমি এখনো নোটিশ দেখিনি। তবে যতটুকু শুনেছি, তাতে মনে হচ্ছে আইনসম্মত হয়নি।’
অন্যদিকে পাওনা বুঝে পেতে তোবার কয়েকজন শ্রমিক শ্রম আদালতে মামলা করবেন বলে গতকাল জানিয়েছেন গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম। গতকাল রাতে তিনি প্রথম আলোকে বলেন, কাল শ্রম আদালত ও হাইকোর্টে মামলা করার প্রস্তুতি চলছে।
বিজিএমইএর সহসভাপতি শহিদুল্লাহ আজিম বলেন, শ্রম আইন মেনেই কারখানা বন্ধ করা হয়েছে। পাওনা আদায়ে শ্রমিকেরা অবৈধ ধর্মঘট করেছেন, এমন অজুহাত দেখিয়ে গত সোমবার তোবা টেক্সটাইল, তায়েব ডিজাইন, মিতা ডিজাইন, বুকশান গার্মেন্টস ও তোবা ফ্যাশনসের কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেন মালিক দেলোয়ার হোসেন। এ-সংক্রান্ত নোটিশও লাগিয়ে দেন প্রতিটি কারখানার নোটিশ বোর্ডে। এতে বলা হয়, কারখানা বন্ধের ঘোষণা ১১ জুন থেকে কার্যকর হবে।
মিছিল-সমাবেশ পণ্ড: তোবা গ্রুপের কারখানা চালু না হলে আইন অনুযায়ী শ্রমিকদের পাওনা বুঝিয়ে দেওয়াসহ ছয় দফা দাবি আদায়ে পূর্বঘোষিত মিছিল-সমাবেশ পুলিশি বাধার কারণে করতে পারেনি গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরাম। সংগঠনের সভাপতি মোশরেফা মিশুকে পুলিশ আটক করে পরে ছেড়ে দেয়। গতকাল বেলা তিনটায় গুলশান-বাড্ডা লিংক রোড থেকে মিছিল করে আফতাব নগরে গিয়ে সমাবেশ করার কথা ছিল।
গতকাল সকাল থেকে উত্তর বাড্ডা এলাকার হোসেন মার্কেটের (তোবার কারখানা) সামনে পুলিশের বিপুলসংখ্যক সদস্য অবস্থান নেন। বেলা তিনটার দিকে লিংক রোডের উল্টো পাশে কয়েকজন শ্রমিক অবস্থান নেন। তিনটা ১০ মিনিটে মোশরেফা মিশু সেখানে পৌঁছান। এর কয়েক মিনিট পরই বাড্ডা থানার পুলিশ এসে শ্রমিকদের সেখান থেকে সরিয়ে দেয়।
এ সময় মিশুসহ কয়েকজন মিছিল করতে চাইলে পুলিশ বাধা দেয়। একপর্যায়ে পুলিশের এক সদস্য ব্যানার কেড়ে নেন। সঙ্গে সঙ্গে পুলিশের কয়েকজন সদস্য তাঁদের ধাক্কা দিয়ে সড়কের পাশে ফুটপাতে সরিয়ে দেন। তখন মোশরেফা মিশু উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘শ্রমিকদের ন্যায্য পাওনা আদায়ে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে এসেছিলাম আমরা। কিন্তু পুলিশ স্বৈরাচারী কায়দায় আমাদের কর্মসূচি পালন করতে দেয়নি।’
সাংবাদিকদের সঙ্গে কথা বলা অবস্থায় বেলা সাড়ে তিনটার দিকে পুলিশ তাঁকে টেনেহিঁচড়ে একটি ভ্যানে উঠিয়ে দেয়। একই কায়দায় ছাত্র ঐক্য ফোরামের যুগ্ম আহ্বায়ক জেসমিন জুঁইকে পুলিশ ভ্যানে তোলা হয়। পরে তাঁদের ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। রাত আটটার দিকে তাঁদের ছেড়ে দেওয়া হয়।
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল বলেন, এটি খুবই ব্যস্ত সড়ক। এখানে মিছিল-সমাবেশ করার পূর্ব অনুমতি না থাকায় বাধা দেওয়া হয়েছে।