শ্রমিক দল নেতাকে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাটি বেচাকেনা নিয়ে বিরোধের জের ধরে গতকাল বৃহস্পতিবার পাবনার আটঘরিয়ায় শ্রমিকদলের নেতা রিপন হোসেনকে (৩২) কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। তাঁর বাড়ি পাবনা সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের পয়দা গ্রামে।
জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবদুল গফুর বলেন, ‘রিপন জেলা শ্রমিক দলের সদস্য ও সদর উপজেলা শ্রমিক দলের সহসভাপতি ছিলেন। কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে, আমরা এখনো তা বুঝতে পারছি না। আমরা অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
এলাকাবাসী ও নিহতের পরিবার জানায়, রিপন মাটির ব্যবসায়ী ছিলেন। তিনি বিভিন্ন এলাকার পুকুর ও জমি থেকে মাটি কিনে তা অন্যত্র বিক্রি করতেন। সম্প্রতি আটঘরিয়া উপজেলার হায়দারপুর গ্রামে একটি জমির মাটি কেনাবেচা নিয়ে স্থানীয় একটি চক্রের সঙ্গে তার বিরোধ সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সকাল সাড়ে আটটার দিকে রিপন মাটি কাটার জমি দেখতে হায়দারপুর গ্রামে যান। এ সময় একদল সন্ত্রাসী আকস্মিক হামলা চালিয়ে তাঁকে চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও দুই পায়ের রগ কেটে পালিয়ে যায়। স্থানীয় এলাকাবাসী তাঁঁকে উদ্ধার করে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।