শ্রমিক দল নেতার দোকান থেকে দুটি অস্ত্র উদ্ধার
বগুড়ার দুপচাঁচিয়ায় শ্রমিক দলের নেতা আবু কালামের (৩৫) দোকান থেকে গত বৃহস্পতিবার রাতে দুটি অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। আবু কালাম উপজেলার গুনাহার ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি।
দুপচাঁচিয়া থানার ওসি নজরুল ইসলাম বলেন, কালামের বিরুদ্ধে গত দুই বছরে বিস্ফোরক, নাশকতা, অগ্নিসংযোগ, মারামারি, জমি দখলসহ বিভিন্ন অভিযোগে ২২টি মামলা হয়েছে। মামলার পর থেকে তিনি পলাতক ছিলেন। গত ১১ আগস্ট তিনি আদালতে হাজির হয়ে জামিন নিতে গেলে আদালত জামিন নামঞ্জুর করে তাঁকে জেলহাজতে পাঠান। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত গত বুধবার কালামের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডে তাঁর দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী বৃহস্পতিবার রাতে তালুচহাটে অবস্থিত কালামের মুদি দোকানের ভেতর মাটি খনন করে পলিথিন দিয়ে মোড়ানো পিস্তল, একটি ম্যাগাজিন ও দুটি গুলি এবং একটি ওয়ান শুটার এলজি ও দুটি গুলি উদ্ধার করা হয়েছে।