শ্রমিক দলের কর্মীকে কুপিয়ে হত্যা
নোয়াখালী শহরের সোনাপুর এলাকায় সাজ্জাদ হোসেন ওরফে দিপু (২৫) নামের শ্রমিক দলের এক কর্মীকে কুপিয়ে হত্যা এবং আরমান হোসেন ওরফে বাবু (২২) নামের অপরজনকে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। দলীয় অভ্যন্তরীণ বিরোধের জের ধরে গত বৃহস্পতিবার গভীর রাতে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।এ ঘটনায় গতকাল শুক্রবার সকাল সাতটা থেকে সাড়ে আটটা পর্যন্ত সোনাপুর এলাকায় প্রায় দেড় ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন যুব ও শ্রমিক দলের কর্মীরা। এ সময় তাঁরা অটোরিকশা, পিকআপ ভ্যান, বাসসহ অন্তত ১০টি গাড়ি ভাঙচুর করেন। নিহত সাজ্জাদ ও আহত আরমান একই পক্ষের বলে বিএনপির একাধিক সূত্র ও পুলিশ জানিয়েছে। খবর পেয়ে সকাল আটটার দিকে সুধারাম (সদর) থানার পুলিশ সোনাপুরের কাঞ্চন মিয়ার পুলসংলগ্ন খাল থেকে সাজ্জাদের লাশ উদ্ধার করে। এ ছাড়া আহত আরমানকে গতকাল শুক্রবার ভোররাত পৌনে চারটার দিকে টহল পুলিশ রাস্তার ওপর মুমূর্ষু অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি ঘটলে সকালে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।নিহত সাজ্জাদ নোয়াখালী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ইসলামিয়া মাদ্রাসা এলাকার আবদুল কাদেরের ছেলে। অন্যদিকে আহত আরমান সোনাপুর বাস টার্মিনাল এলাকার আবু জাফর খানের ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোনাপুর এলাকায় শ্রমিক দলের মো. আজিম ও সাজ্জাদের মধ্যে বেশ কিছুদিন ধরে বিরোধ চলছে। এ নিয়ে তাঁদের দুই পক্ষের মধ্যে একাধিকবার মারামারির ঘটনাও ঘটে। গতকাল ভোররাত সাড়ে তিনটার দিকে টহল পুলিশ সোনাপুরের কালিতারা এলাকায় রাস্তার পাশ থেকে মুমূর্ষু অবস্থায় আরমানকে উদ্ধার করে। এরপর সকালে পার্শ্ববর্তী খালে সাজ্জাদের লাশ পাওয়া যায়। তবে, ঠিক কখন এই দুজন হামলার শিকার হয়েছেন, তা এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ কিংবা স্থানীয় ব্যক্তিরা।সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর জাহিদুল হক বলেন, দলীয় অভ্যন্তরীণ বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় এ পর্যন্ত চারজনকে আটক করা হয়েছে। এ ছাড়া হত্যার ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।