শ্রমিক দলের নেতা হত্যার ঘটনায় মামলা দায়ের হরতাল পালিত
টাঙ্গাইল জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক গোলাম আজমকে হত্যার ঘটনায় মামলা হয়েছে।
গত মঙ্গলবার রাতে নিহত গোলাম আজমের স্ত্রী শিল্পী আক্তার বাদী হয়ে আটজনের নাম উল্লেখ করে টাঙ্গাইল মডেল থানায় এ মামলা করেন।
মামলায় অজ্ঞাতনামা পাঁচ-ছয়জনকে আসামি করা হয়েছে। আসামিদের মধ্যে ছাত্রলীগের নেতা সোহেল ওরফে ডন সোহেল এবং তাঁর দুই ভাই রাসেল ও রুবেল রয়েছেন।
টাঙ্গাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, গতকাল বুধবার মামলাটি গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। টাঙ্গাইল গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মাহফিজার রহমান জানান, আসামিদের গ্রেপ্তারের জন্য সর্বাত্মক চেষ্টা চলছে।
এদিকে গোলাম আজম হত্যার প্রতিবাদে জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের ডাকে গতকাল বুধবার শহরে সকাল ছয়টা থেকে বেলা ১১টা পর্যন্ত হরতাল পালিত হয়েছে। হরতালে শহরের দোকানপাট, ব্যবসাপ্রতিষ্ঠান ও যানবাহন চলাচল বন্ধ ছিল। সকালে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে শ্রমিক দলের একটি মিছিল বের হয়।
মিছিল শহরের বিভিন্ন সড়ক ঘুরে পুরোনো বাস টার্মিনালে গিয়ে শেষ হয়। ময়নাতদন্ত শেষে গতকাল বাদ জোহর সাবালিয়া জামে মসজিদ মাঠে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে গোলাম আজমের লাশ দাফন করা হয়। জানাজায় শ্রমিক দলসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।