পাঁচ দফা দাবিতে দিনাজপুরের পার্বতীপুরে মধ্যপাড়া কঠিন শিলাখনি শ্রমিকদের ধর্মঘট তিন সপ্তাহ ধরে অব্যাহত রয়েছে। খনি কর্তৃপক্ষ অধিকাংশ দাবি মেনে নেওয়ার আশ্বাস ও বেতন বাড়ানোর প্রস্তাব দিলেও শ্রমিকেরা তা প্রত্যাখ্যান করে ছাঁটাই শ্রমিকদের পুনর্বহাল ও স্থায়ী নিয়োগের দাবিতে অনড় রয়েছেন।
তবে ১৮ ডিসেম্বরের মধ্যে খনি কর্তৃপক্ষের প্রস্তাব মেনে না নিলে ঠিকাদারি প্রতিষ্ঠান জিটিসি তাঁদের বাদ দিয়ে নতুন শ্রমিক নিয়োগ দিয়ে কাজ শুরু করবে বলে জানা গেছে।
খনি কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, টানা শ্রমিক ধর্মঘটের কারণে খনির পাথর উত্তোলন বন্ধ রয়েছে। মজুত শূন্য হয়ে পড়ায় ক্রেতারা ফেরত যাচ্ছেন। এতে ক্ষতির পরিমাণ দুই কোটি টাকা ছাড়িয়ে গেছে। ইতিমধ্যে চলমান শ্রমিক ধর্মঘটের মধ্যে খনি থেকে প্রায় চার লাখ টাকার মালামাল চুরি গেছে।
কয়েকজন শ্রমিক জানান, ছাঁটাই করা পাঁচ শ্রমিককে চাকরিতে পুনর্বহাল, পেট্রোবাংলার অধীনে স্থায়ী নিয়োগ, সরকারঘোষিত ২০ ভাগ মহার্ঘভাতা প্রদানসহ পাঁচ দফা দাবিতে ৩০৮ জন শ্রমিক গত ২৫ নভেম্বর সকাল থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছেন।
মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মঈন উদ্দিন জানান, বিধি অনুযায়ী পেট্রোবাংলার অন্য কোম্পানির শ্রমিকেরা মহার্ঘভাতা পেয়ে থাকলে তাঁদের সে সুবিধাসহ শ্রমিকদের পাঁচ দফা দাবির তিনটিই মেনে নেওয়ার আশ্বাস দেওয়া হয়। বর্তমানে একজন শ্রমিক ১৫ হাজার ৩৮০ টাকা বেতন পান। আগামী জানুয়ারি থেকে ১৭ হাজার ৯৬১ টাকা বেতন দেওয়ার হবে। এ ছাড়া জুলাই ২০১৪ থেকে দেওয়া হবে ১৯ হাজার ৭০৭ টাকা। এর পরও তাঁরা কাজে যোগ না দিয়ে চাকরিচ্যুত পাঁচ শ্রমিককে পুনর্বহাল ও স্থায়ী নিয়োগের দাবিতে অনড় রয়েছেন। এ অবস্থায় খনির নতুন ব্যবস্থাপনার দায়িত্ব পাওয়া জিটিসি ১৮ ডিসেম্বরের মধ্যে শ্রমিকদের মতামত চেয়েছে। শ্রমিকেরা এতে রাজি না হলে জিটিসি নতুন করে শ্রমিক নিয়োগ দিয়ে কাজ শুরু করবে। বিষয়টি শ্রমিক নিয়োগকারী প্রতিষ্ঠান ব্লু-স্টার কোম্পানিকে জানানো হয়েছে। ব্লু-স্টার কোম্পানি সব শ্রমিককে চিঠি দিয়ে আজ মঙ্গলবারের (১৭ ডিসেম্বর) মধ্যে লিখিতভাবে তাদের মতামত চেয়েছে বলে তিনি জানান।
মোহাম্মদ মঈন উদ্দিন আরও জানান, চাকরিচ্যুত পাঁঁচ শ্রমিকের বিষয়টি বিচারাধীন থাকায় তাঁদের পুনর্বহাল সম্ভব নয়। ২১ দিন ধরে পাথর উত্তোলন বন্ধ থাকায় খনির দুই কোটি টাকার ওপরে ক্ষতি হয়েছে।
খনিশ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি খায়রুল ইসলাম জানান, খনি কর্তৃপক্ষ তাঁদের বেতন বাড়ানোর প্রস্তাবসহ তিনটি দাবির বিষয়ে নমনীয় হয়েছে। কিন্তু চাকরিচ্যুত পাঁচ শ্রমিককে পুনর্বহাল ও স্থায়ী নিয়োগের বিষয়টি মেনে না নেওয়ায় তাঁরা ধর্মঘট অব্যাহত রেখেছেন।