সব শ্রমিকের নিয়োগ স্থায়ীকরণসহ পাঁচ দফা দাবিতে বড়পুকুরিয়া কয়লাখনির শ্রমিকেরা গতকাল বৃহস্পতিবার অবস্থান ধর্মঘট শুরু করেছেন। এতে কয়লা উৎপাদন প্রায় বন্ধ হয়ে পড়েছে। শ্রমিকেরা খনির আবাসিক ফটকের সামনে অবস্থান নেওয়ায় কর্মকর্তা-কর্মচারীরা অবরুদ্ধ রয়েছেন। কর্তৃপক্ষ সমঝোতার উদ্যোগ নিলেও শ্রমিকেরা অনড় থাকায় তা ভেস্তে যায়।আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, বড়পুকুরিয়া কয়লাখনির ভূগর্ভে কর্মরত এক হাজার ৪১ জন শ্রমিক গতকাল সকাল ছয়টা থেকে খনির আবাসিক ফটকের সামনে অবস্থান ধর্মঘট শুরু করেন। শ্রমিকদের দাবিগুলো হচ্ছে, বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের অধীনে কর্মরত সব শ্রমিককে স্থায়ী নিয়োগ প্রদান, শ্রমিকদের জন্য চিকিৎসক নিয়োগ, মুনাফা বোনাস প্রদান, রেশনিং ও জীবনবিমা সুবিধা চালু। এই শ্রমিক ধর্মঘটের ফলে খনি থেকে কয়লা উৎপাদন প্রায় বন্ধ হয়ে পড়েছে। তবে নিজস্ব ১৯৭ জন শ্রমিক দিয়ে খনির উৎপাদন আংশিক চালু রাখা হয়েছে বলে খনি কর্তৃপক্ষ দাবি করেছে।কর্তৃপক্ষ জানায়, সংকট নিরসনে বেলা একটার দিকে কয়লাখনির মহাব্যবস্থাপক (প্রশাসন) এ কে এম সিরাজুল ইসলাম, মহাব্যবস্থাপক (সারফেস অপারেশন) আওরঙ্গজেবসহ অন্য কর্মকর্তারা খনির সমেঞ্চলনকক্ষে শ্রমিকদের সঙ্গে বৈঠক বসেন। এতে শ্রমিকদের পক্ষে অংশ নেয় বড়পুকুরিয়া কয়লাখনি শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি ওয়াজেদ আলীর নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধিদল। বৈঠকে শ্রমিকদের অধিকাংশ দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়া হয়। তবে শ্রমিকেরা পাঁচ দফার ব্যাপারে অনড় থাকেন। ফলে কোনো সমঝোতা ছাড়াই বৈঠক শেষ হয়।বড়পুকুরিয়া কয়লাখনির ব্যবস্থাপনা পরিচালক আমিনুজ্জামান বলেন, শ্রমিকদের মুনাফা বোনাসসহ অধিকাংশ দাবিই মেনে নেওয়া হয়েছে। তবে চীনা ঠিকাদারি প্রতিষ্ঠানের অধীনে নিয়োগ পাওয়ায় তাঁদের নিয়োগ স্থায়ীকরণের বিষয়টি বিবেচনা করা সম্ভব নয়। বাস্তব অবস্থা বিবেচনা করে তাঁদের কাজে যোগ দিতে বলা হয়েছে।জানতে চাইলে শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি ওয়াজেদ বলেন, পাঁচ দফার সব দফা না মানা পর্যন্ত তাঁরা ধর্মঘট অব্যাহত রাখবেন।