বকেয়া বেতন আদায়, চুক্তিভিত্তিক শ্রমিক-কর্মচারীদের নতুন স্কেলে বেতন দেওয়াসহ বিভিন্ন দাবিতে গতকাল শুক্রবার থেকে নাটোরের লালপুর উপজেলার গোপালপুর নর্থ বেঙ্গল সুগার মিলের ইক্ষু বিভাগের শ্রমিক-কর্মচারীরা অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছেন। এর ফলে আখমাড়াই বন্ধ হয়ে গেছে। চাষিরাও মিলে আখ সরবরাহ করতে পারছেন না।
মিল কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল থেকে কর্মচারীরা কাজ বন্ধ রাখেন। মিলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এ আজিজ সকাল সাড়ে নয়টার দিকে কর্মচারীদের কাছে গিয়ে মিল চালু করার অনুরোধ করেন। তবে দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলনে অনড় থাকেন তাঁরা। কৃষকেরা আখ নিয়ে মিলে গেলেও কর্মচারীরা আখের ওজন করা থেকে বিরত থাকেন। ফলে মিল চত্বরে আখবোঝাই গাড়ির ভিড় বাড়তে থাকে। আখ না নামানোর কারণে গাড়ি মিল চত্বর ছেড়ে যেতেও পারেনি। মিলের নিজস্ব ট্রাক্টর ও আখচাষিদের ট্রলি ও এর চালকেরাও অলস সময় কাটান।
মিলে আখ সরবরাহ করতে আসা উপজেলার অর্জুনপাড়া গ্রামের কৃষক আলিম উদ্দিন বলেন, ‘সকাল থেকে লাইন ধরে দাঁড়িয়ে আছি। সকালে খেতে পারিনি। মহিষগুলোও না খেয়ে বোঝাই গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে।’
সাদীপুর গ্রামের আখচাষি আমিরুল ইসলাম বলেন, ‘আমাদের কষ্টের কথা কেউ ভাবে না। সবাই নিজের স্বার্থ রক্ষার জন্য কাজ করে। কৃষকের স্বার্থের কথা কেউ ভাবে না।’
ইক্ষু বিভাগের সিবিএ সদস্য (স্থায়ী) চাঁদ মিয়া বলেন, সরকারি বিধি অনুযায়ী চুক্তিভিত্তিক শ্রমিক-কর্মচারীদের নতুন স্কেলে বেতন প্রাপ্য। কিন্তু মিল কর্তৃপক্ষ পুরোনো স্কেলে বেতন দিচ্ছে। এ ছাড়া তিন মাস ধরে তাঁদের বেতন বন্ধ রয়েছে। শ্রমিকেরা মানবেতর জীবন যাপন করছেন।
সিবিএ সদস্য (মৌসুমি) হাকিমুর রশিদ লিটু বলেন, ‘মিলের অন্য বিভাগকে আগের নিয়মে হলিডে-ফ্রাইডের বিল দিলেও ইক্ষু বিভাগের শ্রমিক-কর্মচারীদের তা দেওয়া হচ্ছে না। ছুটির দিনে আট ঘণ্টা কাজের বিপরীতে মিল কর্তৃপক্ষ চার ঘণ্টার টাকা দেয়। এ ছাড়া আমাদের বাড়িভাড়া পুরোনো স্কেলে দেওয়া হচ্ছে। ২০১৫-১৬ মাড়াই মৌসুমের বকেয়া বিল এখন পর্যন্ত পাইনি। এসব বিষয়ে কর্তৃপক্ষ বারবার আশ্বাস দিলেও কাজের কাজ কিছুই করেনি।’
মিলের সিবিএ সাধারণ সম্পাদক ওমর আলী বলেন, এসব দাবি নিয়ে আগে ঢাকায় কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক হয়েছে। সেখানে তাঁরা ১৫ দিনের সময় নিয়েছিলেন। কিন্তু মাস গড়ালেও কোনো সুরাহা হয়নি। বাধ্য হয়ে আন্দোলনে নামতে হয়েছে।
নর্থ বেঙ্গল সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক এম এ আজিজ বলেন, ‘শ্রমিক-কর্মচারী নেতাদের সঙ্গে কথা বলেছি। আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করে স্বল্প সময়ের মধ্যে মিলের কার্যক্রম ফের চালু করার ব্যবস্থা নেওয়া হচ্ছে।’