শ্রমিক ধর্মঘটে বেড়ার পাট ক্রয়কেন্দ্রগুলো স্থবির
উত্তরাঞ্চলের অন্যতম পাট ক্রয়কেন্দ্র বেড়ায় মজুরি বাড়ানোর দাবিতে চার দিন ধরে পাটশ্রমিকদের কর্মবিরতি চলছে। এতে বেড়ার সরকারি ও বেসরকারি পাটকলগুলোর পাট ক্রয়কেন্দ্রগুলোতে পাট সংগ্রহ বন্ধ রয়েছে। এ ছাড়া পাট ব্যবসায়ীদের গুদামেও বন্ধ রয়েছে পাট ওঠানামা।জানা যায়, বেড়া পাট ক্রয়কেন্দ্রের পরিচিতি গোটা উত্তরাঞ্চলজুড়ে। বেড়ায় বিজেএমসির আওতাভুক্ত গুল আহমেদ জুট মিলস, লতিফ বাওয়ানী জুট মিলস, আমিন জুট মিলস, হাফিজ জুট মিলস এবং বেসরকারি জনতা জুট মিলসের পাট ক্রয়কেন্দ্র রয়েছে। এ ছাড়া অসংখ্য পাট ব্যবসায়ী এখানে পাট গুদামজাত করে থাকেন। সব মিলিয়ে বেড়ায় প্রায় ৫০০ পাটশ্রমিক কর্মরত রয়েছেন।পাটশ্রমিকেরা অভিযোগ করেন, উদয়াস্ত হাড়ভাঙা খাটুনির পর একেকজন শ্রমিক ২০০ থেকে ২৫০ টাক মজুরি পান। এই টাকায় সংসার চলে না বলে যতটা না ক্ষোভ, তার চেয়ে তাঁদের বেশি ক্ষোভ পার্শ্ববর্তী অন্য এলাকার শ্রমিকদের তুলনায় তাঁদের ঠকানো হয় বলে। অন্য এলাকার পাটশ্রমিকেরা তাঁদের চেয়ে কম পরিশ্রমের পরেও প্রতিদিন ৩৫০ টাকারও বেশি আয় করে থাকেন। বেড়া পাটশ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আনসার আলী বলেন, এক মাসেরও বেশি সময় ধরে আমরা পার্শ্ববর্তী এলাকাগুলোর সঙ্গে মজুরির সমন্বয় করার দাবি জানিয়ে আসছি। কিন্তু মহাজনেরা তাতে কর্ণপাত করছেন না। বেড়ার পাট ব্যবসায়ী ও গুদামমালিক মিজানুর রহমান বলেন, ‘পাটশ্রমিকেরা অন্যান্য এলাকার চেয়ে কম মজুরি পাওয়ার যে অভিযোগ তুলছে, তা সত্য নয়। তার পরও আমরা তাদেরকে আলোচনার জন্য ডেকে পাচ্ছি না।’