ময়মনসিংহের নান্দাইল উপজেলায় দরিদ্রদের কর্মসংস্থান প্রকল্পের বরাদ্দ করা পুরো অর্থ খরচ করা যায়নি। এ জন্য দুই কোটি টাকার বেশি অর্থ সরকারি কোষাগারে ফেরত দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় থেকে জানা গেছে, গত অর্থবছরের এপ্রিল মাসে উপজেলায় দরিদ্রদের কর্মসংস্থান প্রকল্প বাস্তবায়নের জন্য পাঁচ কোটি ৩৩ লাখ টাকা বরাদ্দ দেয় সংশ্লিষ্ট মন্ত্রণালয়। কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের মতে, উপযুক্ত সময়েই প্রকল্পের অর্থ ছাড় করা হয়। কিন্তু মাঠপর্যায়ের কয়েকজন শ্রমিকের সঙ্গে কথা বলে জানা গেছে, ওই সময়টি বোরো ফসল কাটার মৌসুম ছিল। শ্রমিকের মজুরিও ছিল বেশি। ফলে প্রকল্পের কাজ শুরু হওয়ার পরই শ্রমিক-সংকট দেখা দেয়।
নান্দাইল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন বলেন, ‘সরকারিভাবে শ্রমিকের মাথাপিছু দৈনিক মজুরি ২০০ টাকা। আর কৃষক দেয় ৫০০ টাকা। তাহলে শ্রমিক আনব কীভাবে?’ একাধিক ইউপি চেয়ারম্যান বলেন, শ্রমিক যখন বেকার থাকেন, তখন এই প্রকল্প গ্রহণ করা হলে দরিদ্র মানুষের উপকার হবে।
প্রকল্প এলাকার কয়েকজন বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে জানান, বিগত সময়ের ধারাবাহিকতায় বিভিন্ন পর্যায়ের দলীয় নেতা ও জনপ্রতিনিধিরা স্বল্পসংখ্যক শ্রমিকের উপস্থিতিকে পূর্ণাঙ্গ উপস্থিতি দেখিয়ে প্রকল্পের কাজ শেষ করতে চেয়েছিলেন। ব্যবসায়ী, চাকরিজীবী ও দলীয় নেতা-কর্মীদের শ্রমিকের তালিকায় অন্তর্ভুক্ত করে প্রকল্প বাস্তবায়নের জন্য প্রক্রিয়া শুরু করা হয়েছিল। কিন্তু প্রথম আলোতে এ বিষয়ে সংবাদ প্রকাশের পর উপজেলা প্রশাসন মাঠপর্যায়ে শ্রমিকের উপস্থিতি নিশ্চিত করতে তদারক শুরু করে। ফলে প্রকল্প বাস্তবায়ন কমিটি শ্রমিকের উপস্থিতি নিশ্চিত করতে চাপে পড়ে যায়। এদিকে অর্থবছর শেষ হয়ে পড়ায় ওই প্রকল্পের খরচ না হওয়া দুই কোটি আট লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত পাঠানো হয়।
নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. অহিদুল ইসলাম বলেন, প্রকল্পটি দরিদ্রদের কর্মসংস্থানের জন্য। তাঁদের উপস্থিতি ছাড়া এই প্রকল্প বাস্তবায়ন সম্ভব নয়।