শ্রমিক-নিরাপত্তায় বাংলাদেশের নেওয়া পদক্ষেপ বিস্তৃত করা প্রয়োজন

শ্রম-অধিকার নিয়ে কাজ করছে, এমন সংগঠনগুলোর ধারণা, বিশ্বের বৃহত্ খুচরা পোশাক বিক্রেতা প্রতিষ্ঠানগুলো বাংলাদেশের শ্রমিকদের স্বার্থ রক্ষায় চুক্তিবদ্ধ হলে শ্রমিক-নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে। শ্রম-অধিকার সংগঠনগুলো বলছে, ইতিমধ্যে কয়েকটি প্রতিষ্ঠান চুক্তিবদ্ধ হয়েছে এবং বাংলাদেশ ও পাকিস্তানের মতো দেশগুলোতে এ ধরনের চুক্তির পরিধি আরও বাড়ানো প্রয়োজন।
‘দ্য গার্ডিয়ান’-এ গতকাল রোববার প্রকাশিত খবরে বলা হয়, অগ্নিকাণ্ড ও ভবনধস থেকে বাংলাদেশের পোশাকশ্রমিকদের রক্ষায় বিশ্বের ৭০টি খুচরা বিক্রেতা প্রতিষ্ঠানকে চুক্তিবদ্ধ করতে কাজ করছে শ্রম-অধিকার সংগঠনগুলো।
ইন্ডাস্ট্রি অল গ্লোবাল ইউনিয়ন নামের একটি শ্রম-অধিকার সংগঠন জানিয়েছে, তারা চাইছে খুচরা বিক্রেতা প্রতিষ্ঠানগুলো বাধ্যবাধকতা মেনে কাজ করুক। তাহলে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের শ্রমিকদের কর্মপরিবেশের উন্নয়ন সম্ভব।
ইন্ডাস্ট্রি অল বলছে, পাকিস্তান ও চীনের শ্রমিকেরাও একই ধরনের ঝুঁকিতে রয়েছেন। পোশাক উত্পাদনকারী প্রতিষ্ঠানগুলো যেন তাদের ভবনের নিরাপত্তা নিশ্চিত করে, সে জন্য প্রাইমার্ক, মার্কস অ্যান্ড স্পেন্সার ও এইচঅ্যান্ডএম ইতিমধ্যেই চুক্তিবদ্ধ হয়েছে যে, তারা নিজেরাই বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো পরিদর্শন করবে। রানা প্লাজা ধসে সহস্রাধিক শ্রমিক প্রাণ হারানোর পর খ্যাতনামা প্রতিষ্ঠানগুলো এই সিদ্ধান্ত নেয়।
ইন্ডাস্ট্রি অল-এর সাধারণ সম্পাদক জারকি রায়না বলেন, বিশ্বখ্যাত ব্র্যান্ডগুলোর একটা বড় অংশ পাকিস্তানের তৈরি পোশাক আমদানি করে এবং তারা এখন দ্বিতীয় একটি চুক্তিতে যেতে পারে। আন্তর্জাতিক সাপ্লাই চেইনের মাধ্যমে কাজ করার এ কৌশল অন্য দেশের জন্যও প্রযোজ্য হওয়া উচিত।
রায়না বলেন, বাংলাদেশের শ্রমিকদের জন্য এ ধরনের চুক্তি নিয়ে আরও দুই বছর আগে থেকে কথাবার্তা চলছিল। রানা প্লাজা ধসের পর এ বিষয়টি আবার আলোচনার কেন্দ্রে আসে। তিনি বলেন, তাঁর বিশ্বাস, এ চুক্তি সত্যিকার অর্থেই শ্রমিকস্বার্থ রক্ষা করবে। কারণ, প্রতিষ্ঠানগুলো প্রতিশ্রুতি দিয়েছে, এবার তারা কারখানা পরিদর্শন, পরিবর্তন ও পুনর্নির্মাণের জন্য আলাদা তহবিল রাখবে। তারা জানে, সহযোগিতা না করলে বিরূপ প্রতিক্রিয়ার মুখে পড়তে হতে পারে তাদের।
কারখানায় শ্রমিকদের নিরাপত্তাঝুঁকি নিয়ে কাজ করছে এমন একটি পরামর্শক প্রতিষ্ঠান ম্যাপলক্রাফট বলছে, শ্রমিক অধিকার ও সুরক্ষার দিক থেকে খারাপ দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান ১৭তম। আন্তর্জাতিক বিভিন্ন ক্রেতা প্রতিষ্ঠান ম্যাপলক্র্যাফটের সমীক্ষার ওপর নির্ভর করে থাকে। উত্পাদনকারী প্রতিষ্ঠানগুলোয় কাজের পরিবেশ, কাজ করতে বাধ্য করানো এবং শ্রমিকদের সংগঠিত হওয়ার অধিকার কতটা, তার ভিত্তিতে ম্যাপলক্রাফট এই সূচক তৈরি করে থাকে।
এদিক থেকে পাকিস্তান ও চীনের অবস্থান যথাক্রমে তৃতীয় ও চতুর্থ। দেশ দুটির অবস্থান কঙ্গো ও বার্মারও পরে।
অলাভজনক বেসরকারি প্রতিষ্ঠান সেডেক্সের হিসাবে বাংলাদেশ ও পাকিস্তানের যত কারখানা পরিদর্শন করা হয়েছে, সেগুলোর অর্ধেকের বেশি অগ্নিনিরাপত্তার শর্তগুলো পূরণে ব্যর্থ। খ্যাতনামা প্রতিষ্ঠানগুলো উত্পাদনকারী দেশগুলোর কারখানার মান কেমন, তা বোঝার জন্য সেডেক্সের কাছ থেকে তথ্য নিয়ে থাকে।
দেশ দুটির কারখানাগুলোতে আগুন লাগলে বিকল্প দরজা বন্ধ থাকে, সতর্কতামূলক ঘণ্টা বাজার ব্যবস্থা অপর্যাপ্ত, এ ছাড়া অল্প মজুরির বিনিময়ে শ্রমিকদের কাজ করতে হয় এবং শিশুশ্রমিকদের ব্যবহার করা হয়।
অন্য দেশগুলোর অবস্থাও খুব একটা ভালো নয়। চীন, ভারত ও তুরস্কের ৪০ ভাগের বেশি কারখানায় অগ্নিনিরাপত্তা-ব্যবস্থা মানহীন ছিল না। এ দেশগুলো যুক্তরাজ্য ও অন্যান্য দেশে পোশাক রপ্তানি করে থাকে।