শ্রমিক নিহত ও আহতের ঘটনা তদন্ত করে প্রতিবেদন দিতে নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরচুন, এসআরএস, আরকে ও জিরি সুবেদার শিপইয়ার্ডে সংঘটিত বিস্ফোরণে শ্রমিক নিহত ও আহত হওয়ার ঘটনা তদন্ত করে প্রতিবেদন দাখিল করতে পরিবেশ অধিদপ্তরের পরিচালককে (এনফোর্সমেন্ট ও মনিটরিং) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। গতকাল বৃহস্পতিবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। আদেশে একই সঙ্গে আহত ও নিহত শ্রমিকদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ প্রদান এবং আহত শ্রমিকদের চিকিৎসার সম্পূর্ণ খরচ বহন করা হয়েছে কি না, সে-সংক্রান্ত প্রতিবেদন আদালতে দাখিল করতে প্রধান পরিদর্শককে (কারখানা) বলা হয়েছে। এ ছাড়া যে চারটি জাহাজে কর্মরত অবস্থায় শ্রমিকদের মৃত্যু ঘটে, সেই চারটি জাহাজের অনুকূলে ইস্যু করা গ্যাস-ফ্রি সনদ আদালতে দাখিল করতে বিস্ফোরক অধিদপ্তরকে নির্দেশ দেওয়া হয়। আদালতে বেলার পক্ষে শুনানি করেন আইনজীবী ইকবাল কবির। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন। ইকবাল কবির প্রথম আলোকে বলেন, গত ১৭ ও ২২ সেপ্টেম্বর এবং ১২ ও ১৬ অক্টোবর চারটি জাহাজভাঙা ইয়ার্ডে বিস্ফোরণে কমপক্ষে আট শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটে। এ নিয়ে আবেদনটি করা হয়।