শ্রমিক নিহতের প্রতিবাদে বিক্ষোভ, গুলিতে আহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের কবির স্টিল গেট এলাকায় গতকাল সোমবার লরি-চাপায় জাহাজভাঙা কারখানার এক শ্রমিকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভ করেছে এলাকাবাসী। এ সময় কারখানার নিরাপত্তারক্ষীদের গুলিতে পাঁচজন আহত হয়েছেন। এ ঘটনায় ক্ষুব্ধ জনতা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রের ভাষ্য অনুযায়ী, গতকাল সকাল আটটার দিকে কবির স্টিলের জাহাজভাঙা কারখানার শ্রমিক মো. সুমন (৩০) ও তাঁর ভাই দেলোয়ারসহ পাঁচজন শ্রমিক কাজে যাচ্ছিলেন। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে একটি লরি কারখানার নিজস্ব সড়কে ঢোকার সময় তাঁদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে সুমন নিহত ও চারজন আহত হন। এ খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী সকাল সাড়ে আটটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে। পুলিশের হস্তক্ষেপে আধা ঘণ্টা পর তারা অবরোধ তুলে নেয়। পরে এলাকাবাসী কারখানা এলাকায় প্রতিবাদ করতে গেলে ভেতর থেকে তাঁদের লক্ষ্য করে ছররা গুলি ছোড়া হয়। এতে শাহানা আক্তার (৩০) নামের এক নারীসহ পাঁচজন আহত হন। তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী ব্যক্তিদের ভাষ্যমতে, ঘটনার পর বিক্ষুব্ধ স্থানীয় জনতা সকাল ১০টার দিকে দ্বিতীয় দফায় মহাসড়ক অবরোধ করে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় বিক্ষুব্ধ এক যুবকের লাঠির আঘাতে পুলিশের উপপরিদর্শক (এসআই) সাইফুল্লাহ সামান্য আহত হন। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের আশ্বাস দিলে বেলা একটার দিকে অবরোধ তুলে নেয় বিক্ষুব্ধ জনতা।
পুলিশ জানায়, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কারখানার ছয় কর্মকর্তা-কর্মচারীকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিরা হলেন—আবদুল হাই, আজিজুল করিম, সুমিত বড়ুয়া, আবছার উদ্দীন, পুলক দাশ ও কাউছার আলী।
সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) জাহেদুল ইসলাম বলেন, বিক্ষুব্ধ জনতা মহাসড়কে গাছের টুকরা ও গাড়ি এলোপাতাড়ি করে রেখে মহাসড়ক অবরোধ করে। দুই ঘণ্টা পর তাঁরা অবরোধ সরাতে সক্ষম হন।
চট্টগ্রামের (উত্তর) অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বলেন, কারখানার দায়িত্বে থাকা আনসার সদস্যদের গুলিতে কয়েকজন আহত হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ছয়জনকে আটক করা হয়েছে। তিনি জানান, ওই ঘটনায় ব্যবহৃত একটি রাইফেল, গুলির চারটি খোসা ও ছয়টি গুলি উদ্ধার করা হয়েছে।
কবির স্টিল জাহাজভাঙা কারখানার পরিচালক এম এ করিম প্রথম আলোকে বলেন, ঘটনার পর এলাকার লোকজন জড়ো হয়ে দারোয়ান ও নিরাপত্তারক্ষীদের মারধর করতে থাকে। তারা কারখানার তেলের ট্যাঙ্কে আগুন দেওয়ার চেষ্টা করলে নিরাপত্তারক্ষীরা একটি ফাঁকা গুলি ছোড়ে। এতে কেউ আহত হয়েছে কি না, তা তিনি জানেন না।