শ্রমিক নেতা লাঞ্ছিত চার ঘণ্টা মহাসড়ক অবরোধ
ঝিনাইদহে র্যাব সদস্যের হাতে মোটর শ্রমিক নেতা লাঞ্ছিত হওয়ার অভিযোগ তুলে শ্রমিকেরা চার ঘণ্টা ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে রাখেন। গতকাল শনিবার সকাল আটটা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই অবরোধ চলে। ঝিনাইদহ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি হাবিবুর রহমান জানান, শনিবার সকাল আটটার দিকে জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবদুল গাফ্ফার ঝিনাইদহ শহরের হামদহ এলাকায় একটি বিআরটিসি বাসে অতিরিক্ত যাত্রী পরিবহনে বাধা দেন। এ নিয়ে তাঁর সঙ্গে বাসচালক ও হেলপারদের বচসা হয়। খবর পেয়ে র্যাব-৬-এর একটি দল ঘটনাস্থলে পৌঁছে গাফ্ফারকে শারীরিকভাবে লাঞ্ছিত করে।এ খবর ছড়িয়ে পড়লে পরিবহনশ্রমিকরা মুহূর্তের মধ্যে ঝিনাইদহের ওপর দিয়ে চলাচলকারী সব যান বন্ধ করে দেন। ঝিনাইদহ র্যাব ক্যাম্প কমান্ডার স্কোয়াড্রন লিডার হামিদুল হক বলেন, শ্রমিকেরা বিআরটিসির একটি বাসের যাত্রীদের ওপর চড়াও হয়ে মারধর করে নামিয়ে দিচ্ছিলেন। খবর পেয়ে র্যাবের একটি দল সেখানে যায়। এ সময় শ্রমিকেরা র্যাব সদস্যদের ওপরও চড়াও হন। তখন উভয়ের মধ্যে ধাক্কাধাক্কি হয়।