শ্রমিক নেতা হত্যার প্রতিবাদে বরগুনায় পরিবহন ধর্মঘট
বরগুনা জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সদস্য মো. হায়দার আলীকে হত্যার প্রতিবাদে আজ সোমবার সকাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট ডেকেছেন শ্রমিকেরা। এতে সারা দেশের সঙ্গে বরগুনার সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। সকাল থেকে শহরে বিক্ষোভ ও সমাবেশ করছেন শ্রমিকেরা।
গতকাল রোববার রাতে বরগুনা সদর উপজেলার আমলকিতলা গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। আশঙ্কাজনক অবস্থায় হায়দারকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এলাকাবাসীর ভাষ্য, রাত সাড়ে আটটার দিকে আমলকিতলায় নিজ বাড়ির সামনে হায়দারকে কয়েকজন দুর্বৃত্ত এলোপাতাড়ি কোপাতে থাকে। একপর্যায়ে দুর্বৃত্তরা তাঁকে ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে বরিশালে পাঠানো হয়। বরিশালের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হায়দার মারা যান।
বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ হোসেন বলেন, এ ঘটনায় তদন্ত চলছে। পুলিশ অভিযান শুরু করেছে। এখনো কেউ মামলা করেনি।