শ্রমিক নেতাকে বরখাস্ত, প্রতিবাদে কর্মবিরতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার রাঙ্গিছড়া চা-বাগানের কর্তৃপক্ষ তুচ্ছ কারণে শ্রমিক পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদককে বরখাস্ত করেছে বলে অভিযোগ উঠেছে। সাধারণ শ্রমিকেরা এর প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার সারা দিন কর্মবিরতি পালন করেছেন।শ্রমিকদের সূত্রে জানা গেছে, রাঙ্গিছড়া বাগানে প্রায় ৪০০ শ্রমিক কাজ করেন। এর মধ্যে প্রায় ১০০ শ্রমিকের কাঁচা বসতঘর দীর্ঘদিন ধরে মেরামত করা হচ্ছে না। বৃষ্টি নামলে এসব ঘরের ছাদ চুইয়ে পানি পড়ে। ছাউনির জন্য কর্তৃপক্ষ টিন বা ছন সরবরাহ করেনি। শ্রমিকদের জন্য ৩০টি নতুন কাঁচাঘর নির্মাণ করা হয়েছে। সেগুলোরও ছাউনির কাজ বাকি। বাগানের ২৫ জন লোককে স্থায়ী শ্রমিক হিসেবে নিয়োগ দেওয়ার দাবি জানানো হয়েছিল। কিন্তু কর্তৃপক্ষ এ ব্যাপারে উদ্যোগ নেয়নি। শ্রমিকদের এসব দাবিদাওয়া নিয়ে পঞ্চায়েত কমিটির নেতারা সম্প্রতি বাগানের ব্যবস্থাপকের সঙ্গে কথা বলেন। সূত্র জানায়, এর জের ধরে গত বুধবার বিকেলে বাগান কর্তৃপক্ষ পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক নারায়ণ অলমিককে একটি চিঠি দিয়ে স্থায়ী শ্রমিকের পদ থেকে বরখাস্ত করে। খবরটি ছড়িয়ে পড়লে সাধারণ শ্রমিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এর প্রতিবাদে তাঁরা গতকাল সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত কর্মবিরতি পালন করেন।নারায়ণ অলমিক অভিযোগ করেন, বরখাস্তের চিঠিতে তাঁর বিরুদ্ধে কোনো অভিযোগ উল্লেখ করা হয়নি। এটা অমানবিক বলে তিনি মন্তব্য করেন।শ্রমিক পঞ্চায়েতের সভাপতি সন্ন্যাসী নাইডু কর্মবিরতির সত্যতা নিশ্চিত করে গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে জানান, তাঁরা সার্বিক পরিস্থিতি চা-শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির নেতাদের জানিয়েছেন। কমিটির একজন প্রতিনিধি আজ শুক্রবার বাগানে গিয়ে এ বিষয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবেন। সমাধান না হলে পরবর্তী সময়ে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।এ ব্যাপারে বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করে বাগানের ব্যবস্থাপক ঝিনুক রায়ের মুঠোফোন বন্ধ পাওয়া গেছে।