শ্রমিক নেতাদের না পেয়ে পরিবারের সঙ্গে দুর্ব্যবহার
নারায়ণগঞ্জে পোশাকশ্রমিকদের নিয়ে আন্দোলনকারী দুই নেতাকে আটক করতে না পেরে পুলিশ তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ওই দুই নেতা হলেন গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের নারায়ণগঞ্জ জেলার সভাপতি এম এ শাহীন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন। তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ তুলে এবং এর প্রতিবাদে সিপিবির জেলা কমিটি, বাসদ, শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদ, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র জেলা শাখা, গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র ও সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট প্রতিবাদ জানিয়েছে।
হাফিজুল ইসলাম বলেন, ৭ ডিসেম্বর দিবাগত রাত তিনটায় ও ৮ ডিসেম্বর রাত আটটায় পুলিশ এম এ শাহীন ও ইকবাল হোসেনের বাড়ি গিয়ে তাঁদের না পেয়ে পরিবারের সদস্যদের সঙ্গে চরম দুর্ব্যবহার করে। পুলিশের এ ধরনের আচরণ মানবাধিকার লঙ্ঘন।
ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন জানান, শাহীন ও ইকবালের উসকানির কারণে ফতুল্লা শিল্পাঞ্চলের বেশ কয়েকটি পোশাক কারখানা দীর্ঘদিন বন্ধ রাখতে হয়েছে। তাঁদের বিরুদ্ধে টাইম সোয়েটার কারখানা ভাঙচুরের মামলা রয়েছে। তবে পুলিশ কারও সঙ্গে খারাপ আচরণ করেনি।