শ্রমিক নয়, প্রযুক্তিনির্ভর জাতি হতে চাই: পলক

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ‘আমরা বিশ্বে আর শ্রমিক জাতি হিসেবে পরিচিত হতে চাই না। তথ্যপ্রযুক্তি-নির্ভর জাতি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে চাই। বিশ্বকে দেখাতে চাই, আমরা শ্রমিক জাতি নই, একটি মেধাবী ও প্রযুক্তিনির্ভর জাতি।’
আজ মঙ্গলবার রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মিলনায়তনে মোবাইল অ্যাপ্লিকেশন উন্নয়নে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক বুটক্যাম্পের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানের উদ্বোধনী ভাষণে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশের প্রতিটি জেলায় থ্রিজি ও উন্নত ইন্টারনেট চালু করা হচ্ছে। রাজশাহীতে ৪৭ একর জমির ওপর একটি আইটি ভিলেজ নির্মাণ করাসহ সারা দেশে মোট ১২টি আইটি ভিলেজ স্থাপন করা হবে।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে বুটক্যাম্পে রাজশাহী ও এর আশপাশের ৬০০ জন মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপার অংশ নেন। অ্যাপ্লিকেশন ডিজাইন, গেম ডেভেলপমেন্ট এবং মোবাইল অ্যাপ্লিকেশনে ব্যবসার উপায় ও পদ্ধতি ইত্যাদি বিষয়ে সেখানে আলোচনা হয়। এ ছাড়াও একটি অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট পর্যায়ে সাধারণত যে সব অসুবিধা হয়, সে বিষয়েও আলোচনা করা হয়।
দিনব্যাপী এই বুট ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রফিকুল আলম বেগের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন রাজশাহীর ভারপ্রাপ্ত জেলা প্রশাসক জাকির হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আযাদ ও বুট ক্যাম্প কর্মসূচির উপপরিচালক আলাওল কবির প্রমুখ।