শ্রমিক নয়, প্রযুক্তিনির্ভর জাতি হতে চাই: পলক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ‘আমরা বিশ্বে আর শ্রমিক জাতি হিসেবে পরিচিত হতে চাই না। তথ্যপ্রযুক্তিনির্ভর জাতি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে চাই। বিশ্বকে দেখাতে চাই, আমরা শ্রমিক জাতি নই, আমরা একটি মেধাবী ও প্রযুক্তিনির্ভর জাতি।’
মোবাইল অ্যাপ্লিকেশন উন্নয়নে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বুটক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। গতকাল মঙ্গলবার রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মিলনায়তনে এ বুটক্যাম্পের আয়োজন করা হয়।
প্রতিমন্ত্রী বলেন, প্রতিটি তরুণ-তরুণী যেন তাঁদের আইডিয়াকে দেশের উন্নয়নে কাজে লাগাতে পারেন সে জন্য সরকার চেষ্টা করে যাচ্ছে। তারই অংশ হিসেবে প্রতিটি জেলায় থ্রিজি ও উন্নত ইন্টারনেট সেবা চালু করা হচ্ছে।
জুনাইদ আহমেদ জানান, দেশে ১২টি আইটি ভিলেজ স্থাপন করা হচ্ছে। এর মধ্যে রাজশাহীতে ৪৭ একর জমির ওপর একটি আইটি ভিলেজ নির্মাণ করা হবে, যাতে এ অঞ্চলের ছাত্রছাত্রীরা তথ্যপ্রযুক্তি খাতে উন্নয়ন করতে পারেন।
তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে এ বুটক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে রাজশাহীর ভারপ্রাপ্ত জেলা প্রশাসক জাকির হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আযাদ ও বুটক্যাম্প কর্মসূচির উপপরিচালক আলাওল কবির উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রফিকুল আলম বেগ। দিনব্যাপী বুটক্যাম্পে রাজশাহী ও তার আশপাশের ৬০০ জন মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপার অংশ নেন।