
চট্টগ্রাম নগরের বিভিন্ন রুটের শহর এলাকার শতাধিক বাস (সিটি বাস) প্রতিদিনই বিআরটিএর নিয়ম ভেঙে সিইপিজেড (চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল) এবং কেইপিজেড (কর্ণফুলী রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল) এলাকার শ্রমিক পরিবহনে নিয়োজিত রয়েছে। কিন্তু কর্তৃপক্ষ এ ব্যাপারে কোনো ব্যবস্থা নিচ্ছে না। এর ফলে তৈরি হচ্ছে কৃত্রিম পরিবহনসংকট, আর সাধারণ যাত্রীরা পোহাচ্ছে সীমাহীন ভোগান্তি।
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সহকারী পরিচালক রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, অনুমতি ছাড়া রুট পরিবর্তন করে রিজার্ভের মাধ্যমে ভাড়ায় চালানো শাস্তিযোগ্য অপরাধ। গণপরিবহন এভাবে ভাড়ায় চলতে হলে নিয়মানুযায়ী আরটিসির (রিজিওনাল ট্রান্সপোর্ট কমিটি) পদাধিকারবলে সভাপতি পুলিশ কমিশনারের কাছে অনুমতি নিতে হবে। তিনি অনুমতি দেওয়ার পরে বিআরটিএ সাময়িকভাবে কয়েক দিনের জন্য (৪৮ থেকে ৭২ ঘণ্টা পর্যন্ত) রুট পরিবর্তন করে চলার অনুমতি দিয়ে থাকে।’
চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার এ কে এম শহিদুর রহমান বলেন, ‘আমরা এ ধরনের অভিযোগ পেয়েছি। বিআরটিসির সভায় সংশ্লিষ্টদের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলে এর সমাধানের চেষ্টা করব।’
গত মঙ্গলবার বিকেল চারটায় সিইপিজেড (চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল) মোড়ে গিয়ে দেখা যায়, বাসের জন্য অপেক্ষায় রয়েছেন ৩০-৪০ জন যাত্রী। কিন্তু কোনো বাস নেই। অপর পাশে কয়েকটি সিটি বাস সিইপিজেডের প্রবেশমুখে দাঁড়িয়ে আছে।
বেসরকারি ব্যাংক কর্মকর্তা আবদুল হাকিম অভিযোগ করেন, ‘আমি জরুরি প্রয়োজনে দুই নম্বর গেটের বাসায় যেতে রাস্তায় দাঁড়িয়ে আছি আধঘণ্টারও বেশি সময় ধরে। কিন্তু কোনো বাস নেই। সব কটি বাসই যাত্রী নামিয়ে সিইপিজেডে ঢুকে যাচ্ছে।’
সিইপিজেড মোড় এলাকার একটি ডিপার্টমেন্টাল স্টোরের মালিক কায়সার নেওয়াজ জানান, প্রতিদিন বিকেল সাড়ে তিনটা-চারটার পর থেকে যাত্রী নামিয়ে সিটি বাসগুলো সোজা ইপিজেডের ভেতরে চলে যায়। এতে ভোগান্তিতে পড়ে সাধারণ যাত্রীরা। দীর্ঘক্ষণ রাস্তায় দাঁড়িয়ে থাকতে হয়। রাত সাড়ে আটটা-নয়টা পর্যন্ত চলে এ ভোগান্তি।
বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষের মহাব্যবস্থাপক আহসান কবীর প্রথম আলোকে বলেন, ‘কেন্দ্রীয়ভাবে ইপিজেড এলাকার প্রতিষ্ঠানগুলোর শ্রমিকদের পরিবহনের জন্য যানবাহনের কোনো ব্যবস্থা নেই। এখানকার প্রতিষ্ঠানগুলো নিজস্ব উদ্যোগে এর ব্যবস্থা করে থাকে। কাজেই দায় আমাদের ওপর বর্তায় না।’
যেসব রুটের বাস ভাড়া নেওয়া হয়: চট্টগ্রাম নগরের কাঠগড় থেকে বহদ্দারহাট রুটে (১০ নম্বর), কাঠগড় থেকে অলংকার মোড় (১১, ১২ ও ১৩ নম্বর) এবং বিমানবন্দর থেকে নিউমার্কেট রুটে (ছয় নম্বর) চলাচলকারী বাসগুলোকে ইপিজেড এলাকায় ভাড়ার জন্য নেওয়া হয়।
কারা এবং কীভাবে বাস জোগাড় করেন: প্রতিদিন বিকেল সাড়ে তিনটা থেকে বিভিন্ন পোশাকশিল্প কারখানায় নিয়োজিত নির্ধারিত লোক কিংবা গাড়ি সরবরাহকারীরা ওত পেতে থাকেন ইপিজেড মোড় এলাকায়। প্রথমে নিউমার্কেট, বহদ্দারহাট থেকে আসা বাসচালকদের তাঁরা ১০০ টাকা দিয়ে বুকিং করেন। এরপর ইপিজেড থেকে যাত্রী নিয়ে যাওয়ার সময়ে ভাড়ার বাকি টাকা পরিশোধ করে দেন। বুকিং করার সঙ্গে সঙ্গে বাসচালকেরা যাত্রী নামিয়ে সরাসরি ইপিজেডে চলে যান।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন কন্ডাক্টর বলেন, ‘গার্মেন্টসের পর্যাপ্ত গাড়ি না থাকায় এভাবে দৈনিক ভাড়ায় বাস দরকার হয়। আবার মাঝেমধ্যে নির্দিষ্ট সময়ের মধ্যে মাসিক চুক্তিবদ্ধ বাস আসতে দেরি হলেও আমরা সিটি বাস ভাড়া করি।’
কী পরিমাণ ভাড়া আদায় করা হয়: কন্ডাক্টর এবং বাসচালকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ইপিজেড এলাকা থেকে প্রতিটি বাস বহদ্দারহাট পর্যন্ত চলাচলের জন্য এক হাজার থেকে এক হাজার ২০০ টাকা, নিউমার্কেট পর্যন্ত যাতায়াত ভাড়া নয় শ থেকে এক হাজার এবং জিইসি মোড় পর্যন্ত ভাড়া দেওয়া আট শ থেকে নয় শ টাকা দেওয়া হয়।