শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আটক ১২২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের স্টেশন রোড এলাকায় এশিয়ান অ্যাপারেলস লিমিটেড নামের একটি পোশাক কারখানার শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ সময় পুলিশ কয়েকজনকে আটক করে। ছবিটি গতকাল দুপুর ১২টায় তোলা l প্রথম আলো
চট্টগ্রাম নগরের স্টেশন রোড এলাকায় এশিয়ান অ্যাপারেলস লিমিটেড নামের একটি পোশাক কারখানার শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ সময় পুলিশ কয়েকজনকে আটক করে। ছবিটি গতকাল দুপুর ১২টায় তোলা l প্রথম আলো

চট্টগ্রাম স্টেশন রোডে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় পোশাক কারখানার ১০৭ নারী শ্রমিকসহ ১২২ জনকে আটক করা হয়েছে। গতকাল বুধবার বেলা পৌনে ১১টায় চট্টগ্রাম স্টেশন রোড অবরোধ করলে এ সংঘর্ষ বাধে। এ ঘটনায় পুলিশসহ ১০-১২ জন আহত হন।
শ্রমিকেরা কারখানা স্থানান্তরের দাবিতে সড়কে অবরোধ করেন। পরে পুলিশ লাঠিপেটা ও ফাঁকা গুলিবর্ষণ করে শ্রমিকদের সরিয়ে দেয়।
আহত ব্যক্তিদের মধ্যে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দীনসহ পাঁচ পুলিশ সদস্য রয়েছেন। এ ছাড়া টি আর খান নামের একজন আইনজীবীও আছেন। তবে তাঁদের কারও অবস্থা গুরুতর নয়। প্রাথমিক চিকিৎসা নিয়েছেন সবাই।
প্রত্যক্ষদর্শী ও কারখানার শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, গত মঙ্গলবার আকবর শাহ থানাধীন কাট্টলী টেক্সটাইল কারখানায় দুজন পুরুষ শ্রমিকের মধ্যে কথা-কাটাকাটি হয়। এর জেরে কারখানার দুটি পক্ষ মুখোমুখি অবস্থান নেয়। এই সুযোগে শ্রমিকদের একটি অংশ কারখানাটি স্টেশন রোডে স্থানান্তরের দাবি জানায়। ওই দাবি নিয়ে গতকাল সকাল সাড়ে ১০টায় মালিকের সঙ্গে তাঁদের আলোচনায় বসার সিদ্ধান্ত ছিল। কিন্তু তাঁরা আলোচনায় না বসে শ্রমিক স্টেশন রোড অবরোধ করেন। তিন শতাধিক শ্রমিকের এই অবরোধে স্টেশন রোড এলাকায় ভয়াবহ যানজটের সৃষ্টি হয়। তবে এর স্থায়িত্ব ছিল আধা ঘণ্টার মতো।
প্রসঙ্গত, স্টেশন রোডে অবস্থিত এশিয়ান অ্যাপারেলস নামের একটি পোশাক কারখানা রোজার আগে বন্ধ করে দেয় মালিকপক্ষ। শ্রমিকদের পর্যাপ্ত সুবিধা না থাকায় বিদেশি ক্রেতাদের চাপে মালিক আকবর শাহ থানাধীন কাট্টলী এলাকায় কাট্টলী টেক্সটাইল নামের নতুন কারখানা চালু করেন। এশিয়ান অ্যাপারেলসের শ্রমিকদের নতুন কারখানায় স্থানান্তর করা হয়।
প্রত্যক্ষদর্শীরা বলেন, শ্রমিকদের রাস্তা অবরোধ না করে মালিকের সঙ্গে আলোচনায় বসার প্রস্তাব দেয় পুলিশ। চার-পাঁচজনকে আলোচনায় বসার আমন্ত্রণ জানাতে গেলে উচ্ছৃঙ্খল শ্রমিকেরা পুলিশের দিকে ইটপাটকেল নিক্ষেপ করেন। পুলিশও পাল্টা ব্যবস্থা হিসেবে লাঠিপেটা শুরু করলে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। একপর্যায়ে পুলিশ ফাঁকা গুলি ও কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। এরপর শ্রমিকেরা রাস্তা থেকে সরে যান।
নগর পুলিশের উপকমিশনার (দক্ষিণ) এস এম মোস্তাইন হোসেন প্রথম আলোকে বলেন, তাঁরা শ্রমিকদের আলোচনায় বসতে বলেছিলেন। কিন্তু শ্রমিকেরা কথা না শুনে তাঁদের দিকে ইটপাটকেল নিক্ষেপ করেন। পাল্টা ব্যবস্থা হিসেবে তাঁরাও ফাঁকা গুলি ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করেন।