শ্রমিক-পুলিশ সংঘর্ষের ঘটনায় ৮০০ শ্রমিকের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভারের আশুলিয়ার জামগড়া এলাকার ইউনিভার্স নিটিং গার্মেন্টস লিমিটেডের শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় গত শনিবার রাতে আশুলিয়া থানায় মামলা হয়েছে। মামলায় ৮০০ শ্রমিককে আসামি করা হয়েছে। পুলিশ তিনজন শ্রমিককে গ্রেপ্তার করেছে। শ্রমিক অসন্তোষের জের হিসেবে শনিবার কর্তৃপক্ষ কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে। বন্ধ ঘোষণাকে কেন্দ্র করে ওই দিন পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ হয়। এতে আশুলিয়া থানার এক উপপরিদর্শক (এসআই) ও পাঁচ কনেস্টেবলসহ ১০ জন আহত হন। ওই ঘটনায় শনিবার রাতে আশুলিয়া থানায় মামলা করা হয়। এর আগেই পুলিশ ঘটনাস্থল থেকে আবুজার গিফারি, শিপন ও এনামুল হক নামের তিন শ্রমিককে আটক করে। পরে তাঁদের ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পুলিশ জানায়, আশুলিয়া থানার উপপরিদর্শক শাহীন পারভেজ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। পুলিশের ওপর হামলা ও মারধরের অভিযোগে দায়ের করা মামলায় ৮০০ শ্রমিককে আসামি করা হয়েছে। এর মধ্যে ২১ জনের নাম উল্লেখ করা হয়েছে। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম মামলা দায়ের ও তিন শ্রমিককে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।