শ্রমিক প্রতিনিধি সরকারি দলের, অভিযোগ ১২ সংগঠনের জোট গার্মেন্টস শ্রমিক অধিকার আন্দোলনের

পোশাকশ্রমিকদের জন্য গঠিত নিম্নতম মজুরি বোর্ডে মালিকপক্ষ ও শ্রমিক পক্ষের দেওয়া মজুরি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ১২টি শ্রমিক সংগঠনের জোট ‘গার্মেন্টস শ্রমিক অধিকার আন্দোলন’। জোটের নেতারা বলেছেন, মালিকপক্ষ শ্রমিকদের মানুষ হিসেবে বলে মনে করে না বলে অমানবিক প্রস্তাব দিয়েছেন। অন্যদিকে শ্রমিক পক্ষ আসলে শ্রমিকদের প্রতিনিধিত্ব করছে না। প্রতিনিধিত্ব করছেন সরকারি দলের।
আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে গার্মেন্টস শ্রমিক অধিকার আন্দোলনের নেতারা এসব কথা বলেন। রাজধানীর তোপখানা রোডে নির্মল সেন মিলনায়তনে আয়োজিত এ সংবাদ সম্মেলনে জোটের পক্ষ থেকে শ্রমিকদের নিম্নতম মজুরি ১৬ হাজার নির্ধারণসহ ৮ দফা দাবি তুলে ধরা হয়। সোমবার মজুরি বোর্ডে মালিকপক্ষ নিম্নতম মজুরি ১০৬০ টাকা বাড়িয়ে ৬ হাজার ৩৬০ টাকা করার প্রস্তাব দিয়েছে। অন্যদিকে শ্রমিক প্রতিনিধি ১২ হাজার ২০ টাকা করার প্রস্তাব দিয়েছেন, যা শ্রমিক সংগঠনগুলো ১৬ হাজার টাকা দাবি করছে।
সংবাদ সম্মেলনে মূল বক্তব্য পাঠ করেন অধিকার আন্দোলনের সমন্বয়ক মাহবুবুর রহমান ইসমাইল। তিনি বলেন, শ্রমিকদের মানুষ হিসেবে এবং উৎপাদনের প্রাণশক্তি হিসেবে বিচার করলে এই প্রস্তাব কখনোই করা সম্ভব নয়। শ্রমিকদের কেবল টাকা বানানোর যন্ত্র হিসেবে ভাবলেই এই অমানবিক প্রস্তাব করা যায়। তিনি আরও বলেন, মজুরি বৃদ্ধি শিল্পের বিকাশের জন্যই জরুরি। যেটি মালিকপক্ষ এখনো বুঝতে সক্ষম হয়নি। মালিক ও ক্রেতাদের কোটি কোটি ডলারের ব্যবসার খুব সামান্য লভ্যাংশ দিলেই শ্রমিকেরা উৎপাদনের চাকাকে আরও সামনের দিকে এগিয়ে নিতে পারতেন।
লিখিত বক্তব্যে আরও বলা হয়, এবার আশা করা হয়েছিল, মালিকদের প্রতিনিধি নতুন দৃষ্টান্ত স্থাপন করে শ্রমিকবান্ধব ভূমিকা রাখবেন। কিন্তু তিনি তা করতে ব্যর্থ হয়েছেন। শ্রমিক প্রতিনিধি সব শ্রমিক সংগঠনের মত নিয়ে ১৬ হাজার টাকা প্রস্তাব দেবেন বলে কথা দিয়েছিলেন। অথচ তিনিও কথা রাখলেন না।
শ্রমিক নেত্রী মোশরেফা মিশু বলেন, নিম্নতম মজুরি বোর্ডে সরকারের নিয়োগ দেওয়া শ্রমিক প্রতিনিধি বেগম শামসুন্নাহার ভূঁইয়া শ্রমিক লীগের মহিলাবিষয়ক সম্পাদক। গার্মেন্টস শ্রমিকদের জীবনমান সম্পর্কে তাঁর কোনো ধারণা নেই।
শ্রমিক নেত্রী তাসলিমা আখতার বলেন, মালিকপক্ষের প্রস্তাবে বাসাভাড়া ধরা হয়েছে ১ হাজার ৪৪০ টাকা। শিল্প এলাকায় বারান্দা ভাড়া নিতেও আড়াই হাজার টাকা লাগে। চিকিৎসাভাতা ৫০ টাকা বাড়িয়ে ৩০০ টাকা করার কথা বলা হয়েছে। এটা হাস্যকর।
অনুষ্ঠানে শ্রমিকদের রেশন, আবাসন, বছরে ১০ শতাংশ করে মজুরি বৃদ্ধি, ভবিষ্য তহবিল চালুসহ বিভিন্ন দাবি করা হয়। এসব দাবিতে ২১ জুলাই শাহবাগে বিক্ষোভ, ২৫ জুলাই বিকেএমইএর সামনে প্রতীকী অনশন, ২৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত বিভিন্ন অঞ্চলে বিক্ষোভ সমাবেশ, ২৭ জুলাই চট্টগ্রামে প্রতীকী অনশন ও ১৪ সেপ্টেম্বর জাতীয় কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।