
গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সৌমিত্র কুমার দাসসহ গ্রেপ্তার শ্রমিকনেতাদের মুক্তি, মামলা প্রত্যাহার ও অবিলম্বে কারখানা খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ সমাবেশ হয়েছে।
গতকাল রোববার বেলা তিনটায় নগরের চাষাঢ়ায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসূচি পালন করে গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা শাখা। সংগঠনটির সভাপতি সেলিম মাহমুদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সমাজতান্ত্রিক দল বাসদের নারায়ণগঞ্জ জেলার সমন্বয়ক নিখিল দাস, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের নারায়ণগঞ্জ জেলার সভাপতি আবু নাঈম খান, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক বিমল কান্তি দাস প্রমুখ।
নিখিল দাস বলেন, ২০১৩ সাল পর্যন্ত প্রতি তিন বছর পরপর মজুরি বোর্ড গঠন করে শ্রমিকদের মজুরি নির্ধারণ করা হয়েছে। বর্তমানে চাল, ডাল, লবণ, তেল, গাড়িভাড়া, বাড়িভাড়াসহ সব দ্রব্যমূল্য দু-তিন গুণ বেড়েছে। সরকারি কর্মচারীদের বেতন দ্বিগুণ বৃদ্ধি করা হলেও গার্মেন্টস শ্রমিকদের বেতন বাড়েনি। তাই মজুরি বোর্ড গঠন করে বাজার দরের সঙ্গে সংগতি রেখে এমনভাবে মজুরি নির্ধারণ করতে হবে, যাতে তা ১৫ হাজার টাকার কম না হয়। এ ছাড়া অবিলম্বে কারখানা খুলে দিতে হবে। দমনপীড়ন করে কখনো যৌক্তিক আন্দোলন বন্ধ করা যায় না।
সমাবেশে নেতারা সৌমিত্র কুমার দাসসহ সব নেতার বিরুদ্ধে দায়ের মামলা প্রত্যাহার করে আলাপ-আলোচনার মধ্য দিয়ে আশুলিয়া সমস্যা সমাধানের আহ্বান জানান।