শ্রমিক বিক্ষোভ, ভাঙচুর-অগ্নিসংযোগ
ঢাকার সাভারে বহুতল ভবন ধসে পোশাকশ্রমিকদের ব্যাপক প্রাণহানির ঘটনায় গতকাল বৃহস্পতিবার ক্ষোভে ফেটে পড়েন নারায়ণগঞ্জ ও গাজীপুরের শ্রমিকেরা। তাঁরা হতাহতের ঘটনায় দায়ী ব্যক্তিদের গ্রেপ্তার ও কারখানায় ছুটি ঘোষণা করে শোক প্রকাশের সুযোগ দেওয়ার দাবি জানান।একপর্যায়ে ক্ষুব্ধ শ্রমিকেরা কমপক্ষে ১১১টি পোশাক কারখানা, ১৪৫টি যানবাহন, পরিবহনশ্রমিকদের দুটি কার্যালয়, দুটি দোকান, শরীফ মেলামাইনের একটি কারখানা ভাঙচুর করেন। অগ্নিসংযোগ করেন একটি পোশাক কারখানায়। শ্রমিকেরা নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও নারায়ণগঞ্জ-আদমজী-ডেমরা সড়ক, গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক এবং ঢাকার আশুলিয়ায় আবদুল্লাহপুর-বাইপাইল ও নবীনগর-কালিয়াকৈর সড়কে অবস্থান নিয়ে অবরোধ করেন।শ্রমিকদের বাধা দিলে পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত হন কমপক্ষে ৭৩ জন শ্রমিক ও সাতজন পুলিশ। প্রত্যক্ষদর্শী ও পুলিশের বরাত দিয়ে আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:নারায়ণগঞ্জ: সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডের ফ্যাশন সিটি কারখানায় ভাঙচুর করেন শ্রমিকেরা। তাঁরা ইপিজেডের মূল ফটকের সামনে নারায়ণগঞ্জ-আদমজী-ডেমরা সড়ক অবরোধ করেন। ভাঙচুর করেন কমপক্ষে পাঁচটি যানবাহন। কাস্টমের কার্যালয়ে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেন তাঁরা। বেলা ১১টার দিকে সিদ্ধিরগঞ্জের শিমরাইলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন শ্রমিকেরা। আদমজী শিল্প পুলিশের এএসপি মো. মাসুদ বলেন, একটি মহল পুলিশের গুলিতে দুই শ্রমিক গুলিবিদ্ধ হওয়ার গুজব ছড়িয়ে শ্রমিকদের উসকানি দেওয়ার চেষ্টা করেছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শটগানের আটটি ফাঁকা গুলি ও একটি কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করতে হয়েছে। এ সময় পুলিশ সদস্যসহ ২০ জন আহত হয়েছেন।কারখানায় ছুটি না দেওয়ায় বেলা তিনটায় নারায়ণগঞ্জের ফতুল্লার পঞ্চবটি বিসিক শিল্পনগরে প্রায় ১০০ কারখানার বাইরের কাচ ভাঙচুর চালান শ্রমিকেরা। তাঁরা ঢাকা-নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ সড়কে ২০-২৫টি যানবাহন ভাঙচুর করেন। সোনারগাঁ (নারায়ণগঞ্জ): কাঁচপুর শিল্পাঞ্চলের বিভিন্ন কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করেন। তাঁরা কাঁচপুর বাসস্ট্যান্ডে জড়ো হয়ে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়ক সকাল নয়টা থেকে ১০টা পর্যন্ত অবরোধ করে রাখেন। গাজীপুর: শ্রমিকেরা সকাল আটটার দিকে সদর উপজেলার নাওজোড় এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে মিছিল করেন। এরপর তাঁরা মহাসড়কের শতাধিক যানবাহনে ভাঙচুর চালান। সকাল সাড়ে নয়টার দিকে তাঁরা সদর উপজেলার লক্ষ্মীপুরা এলাকায় আড়ং দুধের কারখানায় হামলা চালান। টঙ্গী (গাজীপুর): সকালে টঙ্গীর অধিকাংশ কারখানার মালিক সাধারণ ছুটি ঘোষণা করেন। শ্রমিকেরা গাজীপুরা, চেরাগ আলী, হোসেন মার্কেট, বিসিক ও সাতাইশ এলাকায় খণ্ড খণ্ড মিছিল বের করেন। বেলা ১১টায় ১১টি গাড়ি ভাঙচুর করা ও একটি কাভার্ড ভ্যান, একটি টয়োটা করোলা ও তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। সাভার: কারখানা খোলা থাকায় সকাল ১০টার দিকে ঢাকার আশুলিয়ার বেরন এলাকায় হা-মীম গ্রুপের নেক্সট কালেকশন নামের একটি প্রতিষ্ঠানে ভাঙচুর করেন শ্রমিকেরা। ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (ডিইপিজেড) শ্রমিকেরা সকালে কর্মস্থলে উপস্থিত হয়ে শোক দিবস উপলক্ষে কারখানায় ছুটি ঘোষণার দাবি জানান। শ্রমিক অসন্তোষের মুখে গতকালের জন্য আশুলিয়ার সব কারখানায় ছুটি ঘোষণা করা হয়।