শ্রমিক বিক্ষোভ, সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে গত মঙ্গলবার ও গতকাল বুধবার বাস ও পিকআপ ভ্যানের চাপায় দুই শ্রমিক নিহত হয়েছেন। গতকাল গাজীপুরের কালিয়াকৈরে বাসের চাপায় আহত হয়েছেন তিন পোশাকশ্রমিক। এসব ঘটনার প্রতিবাদে গতকাল সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকেরা। কালিয়াকৈরে কমপক্ষে ২০টি যানবাহন ভাঙচুর করেন তাঁরা। এ ঘটনায় সেখানকার কমপক্ষে পাঁচটি কারখানায় গতকাল ছুটি ঘোষণা করা হয়।

নারায়ণগঞ্জ: পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বন্দর উপজেলার মদনপুর এলাকার জামালউদ্দিন টেক্সটাইল মিলের শ্রমিক শাহানারা বেগম বেলা সোয়া একটার দিকে কারখানা থেকে বাসায় যাচ্ছিলেন। পথে কুমিল্লাগামী সুরমা সুপার পরিবহনের একটি বাস তাঁকে চাপা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ খবর কারখানায় ছড়িয়ে পড়লে শ্রমিকেরা প্রায় এক ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রাখেন। এ সময় শত শত যানবাহন আটকা পড়ে ওই সড়কে। পরে পুলিশ গিয়ে বাসচালককে গ্রেপ্তার ও শাস্তির আশ্বাস দিলে শ্রমিকেরা অবরোধ তুলে নেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমেদ জানান, বেলা তিনটায় অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। বাসটি জব্দ করা গেলেও চালক ও তাঁর সহকারী পালিয়ে গেছেন।

ফতুল্লা মডেল থানার পুলিশ জানায়, মঙ্গলবার বিকেলে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লার লামাপাড়ায় পিকআপ ভ্যানের চাপায় নিহত হন সিদ্ধিরগঞ্জের নিট কনসার্ন লিমিটেড কারখানার শ্রমিক আজিজুল হক। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। কিন্তু গতকাল সকাল পর্যন্ত পুলিশ আজিজুলের লাশ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করেনি।

সহকর্মী নিহত হওয়ার প্রতিবাদে এবং পরিবারের কাছে দ্রুত লাশ হস্তান্তরের দাবিতে সকাল সোয়া ১০টায় সিদ্ধিরগঞ্জের হাজীগঞ্জ পুলিশ বক্স এলাকায় নারায়ণগঞ্জ-আদমজী-ডেমরা সড়ক অবরোধ করেন নিট কনসার্নের শ্রমিকেরা। তাঁরা টায়ার জ্বালিয়ে বিভিন্ন স্লোগান দেন। পরে পুলিশ গিয়ে দ্রুত লাশ হস্তান্তর ও বিচারের আশ্বাস দিলে শ্রমিকেরা অবরোধ তুলে নেন।

গাজীপুর: কারখানার শ্রমিক ও শিল্প পুলিশ জানায়, কালিয়াকৈরের তেলিরচালা এলাকার লোগোস অ্যাপারেলস লিমিটেড নামের একটি পোশাক কারখানার শ্রমিকেরা দুপুরের খাবার শেষে কারখানায় ফেরার পথে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অতিক্রম করছিলেন। এ সময় কালিয়াকৈরগামী একটি মাইক্রোবাস কয়েকজন শ্রমিককে ধাক্কা দেয়। এতে তিন শ্রমিক গুরুতর আহত হন। আহত ব্যক্তিদের উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে দুর্ঘটনার পর লোগোস অ্যাপারেলসের শ্রমিকেরা উত্তেজিত হয়ে কারখানা থেকে বের হয়ে আসেন। তাঁরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে কমপক্ষে ২০টি যানবাহন ভাঙচুর করেন। এ সময় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে গাজীপুর শিল্প পুলিশ ও কালিয়াকৈর থানার পুলিশ ঘটনাস্থলে এসে শ্রমিকদের লাঠিপেটা করে। এতে ২০ শ্রমিক আহত হন।

মৌচাক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সৈয়দ আজহারুল ইসলাম জানান, শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দিলে বিকেল সাড়ে তিনটার দিকে সড়কে যান চলাচল শুরু হয়। শ্রমিক অসন্তোষের ঘটনায় লোগোস অ্যাপারেলসসহ আশপাশের কমপক্ষে পাঁচটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়।