শ্রমিক বিক্ষোভে অচল আশুলিয়া
তাজরীন ফ্যাশনসে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর পোশাকশ্রমিকদের টানা বিক্ষোভে নয় দিন ধরে অচল আশুলিয়া। গতকাল সোমবারও পুলিশের সঙ্গে শ্রমিকদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে অর্ধশতাধিক আহত হয়েছেন। এ সময় আবদুল্লাহপুর-বাইপাইল সড়ক বন্ধ হয়ে যায়।শ্রমিক ও পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়, হিয়ন অ্যাপারেলস নামের একটি কারখানার ১০০ শ্রমিককে চাকরিচ্যুত করার প্রতিক্রিয়ায় গতকালের বিক্ষোভ শুরু হয়।গত ২৪ নভেম্বর তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডে ১১১ জন শ্রমিক নিহত হওয়ার পর ২৬ নভেম্বর মালিকের শাস্তির দাবিতে বিক্ষোভ শুরু করেন শ্রমিকেরা। ২৭ নভেম্বরও একই দাবিতে বিক্ষোভ অব্যাহত ছিল। ২৮ নভেম্বর তাজরীনের শ্রমিকদের বেতনের দাবিতে বিক্ষোভ হয় আশপাশের কারখানার সামনেও। ওই দিন কয়েকটি কারখানায় আগুন-আতঙ্ক ছড়ালে শ্রমিকেরা আরও বিক্ষুব্ধ হয়ে ওঠেন। গত ২৯, ৩০ নভেম্বর এবং ১ ও ২ ডিসেম্বর একই দাবিতে বিক্ষোভ হয়।আশুলিয়ার জামগড়ায় হিয়ন অ্যাপারেলস লিমিটেডের ফটকে গত রোববার ১০০ জনকে চাকরিচ্যুতির একটি বিজ্ঞপ্তি সাঁটিয়ে দেয় কর্তৃপক্ষ। শ্রমিকেরা তাৎক্ষণিক এর প্রতিবাদ করেন। গতকাল সকাল আটটার দিকে শ্রমিকেরা কর্মস্থলে এসে কারখানায় না ঢুকেই বাইরে বিক্ষোভ করতে থাকেন। এ সময় ওই এলাকায় প্রীতি গ্রুপ, নাসা গ্রুপ, ইউনিভার্স, পলমল, রোজ গার্ডেনসহ কয়েকটি কারখানার শ্রমিকদের কর্মস্থলে যেতে বাধা দেন বিক্ষোভকারীরা। ওই সব কারখানার কিছু শ্রমিকও হিয়ন অ্যাপারেলসের শ্রমিকদের সঙ্গে বিক্ষোভে যোগ দেন। সকাল সোয়া আটটার দিকে তাঁরা জামগড়া চৌরাস্তায় গিয়ে আবদুল্লাহপুর-বাইপাইল সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে একটি অংশ শিমুলতলার সোনিয়া সোয়েটার ও ফ্যাশনে ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। অপর অংশ ছয়তলা এলাকার দিকে গিয়ে নূরজাহান ম্যানশন, উইন্ডি গ্রুপ, স্টারলিং ক্রিয়েশন, এ এম ডিজাইন ও শেখ ফ্যাশনে হামলা চালায়। তখন এসব কারখানার শ্রমিকদের ছুটি দেওয়া হলে সহস্রাধিক শ্রমিক মহাসড়কের বিভিন্ন জায়গায় অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন। পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করার চেষ্টা করলে জামগড়া এলাকায় সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষ ছড়িয়ে পড়ে শিমুলতলা থেকে জিরাবো পর্যন্ত। শ্রমিকেরা অলিগলি থেকে মহাসড়কের ওপর অবস্থান নেওয়া পুলিশের ওপর ইটপাটকেল ছোড়েন। পুলিশ প্রথমে লাঠিপেটা করে। পরে কাঁদানে গ্যাস, রাবার বুলেট ও গ্যাসবোমা নিক্ষেপ করে। থেমে থেমে সংঘর্ষ চলে বেলা ১১টা পর্যন্ত। শ্রমিকেরা এ সময় পুলিশের এক কর্মকর্তার গাড়ি ভাঙচুর করেন।এদিকে জিরাবো এলাকায় কয়েকটি কারখানার শ্রমিকেরা গতকালও তাজরীন ফ্যাশনসের শ্রমিকদের বেতনের দাবিতে বিক্ষোভ করেছেন।সার্কাসের হাতি ছুটে তিনজন আহত: সংঘর্ষের সময় পুলিশের রাবার বুলেট ও গ্যাসবোমার শব্দে বেরন এলাকায় তাঁবু গাড়া বুলবুল সার্কাসের একটি হাতি ছুটে যায়। হাতির পায়ের আঘাতে তিনজন আহত হয়েছেন।আবারও আগুন-আতঙ্ক: সাভার বাসস্ট্যান্ডে আল মুসলিম গ্রুপের প্যাসিফিক ব্লু জিন্স ওয়্যার লিমিটেড কারখানায় আগুন-আতঙ্কে হুড়োহুড়ি করে নামতে গিয়ে গতকাল ১৫ শ্রমিক আহত হয়েছেন। এ ছাড়া, আশুলিয়ার বাইপাইল এলাকায় একটি কারখানার জেনারেটরের ধোঁয়ায় ভীত হয়ে পাশের কারখানার শ্রমিকেরা ‘আগুন, আগুন’ বলে চিৎকার শুরু করলে অন্য কয়েকটি কারখানায় ছুটি দিয়ে দেওয়া হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, সাভার বাসস্ট্যান্ডসংলগ্ন রাজ্জাক প্লাজার ৪, ৫ ও ৬ তলাজুড়ে ব্লু জিন্স ওয়্যার লিমিটেডের কারখানা। সপ্তম ও অষ্টম তলায় জোভিয়ান সোয়েটার কারখানা। গতকাল সকাল নয়টার দিকে এই ভবনের চতুর্থ তলায় একটি সেলাই মেশিনের সংযোগে আগুন লেগে ধোঁয়া বের হয়। এরপর সংকেত (ফায়ার অ্যালার্ম) বাজানো হলে হুড়মুড় করে ভবনের দুই প্রতিষ্ঠানের চার হাজারেরও বেশি শ্রমিক সিঁড়ি দিয়ে একসঙ্গে নামতে গিয়ে ১৫ জন আহত হন। তবে ফায়ার সার্ভিস আসার আগেই কর্মীরা আগুন নিভিয়ে ফেলেন।