শ্রমিক ভোটাররা পাল্টে দিতে পারেন সব হিসাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ, টঙ্গী, সাভার ও আশুলিয়ার পরই গাজীপুরের কালিয়াকৈর পৌরসভাটি শিল্পাঞ্চলকেন্দ্রিক। স্থানীয় ভোটারের তুলনায় বিভিন্ন কল-কারখানায় কর্মসূত্রে এই পৌরসভায় বসবাসরত ভোটারের মধ্যে বাইরের মানুষই বেশি। নির্বাচনে শ্রমিক ভোটাররা পাল্টে দিতে পারেন সব হিসাব-নিকাশ।কালিয়াকৈর উপজেলার ২০টি গ্রাম নিয়ে ২০০১ সালে কালিয়াকৈরকে পৌরসভা ঘোষণা করা হয়। এর কার্যক্রম শুরু হয় ২০০৩ সালে। পৌরসভায় শতাধিক শিল্পকারখানাসহ হাজার হাজার ব্যবসা-প্রতিষ্ঠান রয়েছে। এসব শিল্পকারখানায় কাজ করার জন্য দেশের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার মানুষ এসে কালিয়াকৈরে বাস করছে। সর্বশেষ ভোটার তালিকায় পৌরসভার ভোটার সংখ্যা ৮০ হাজার ৭৪৪ জন। এর আগে ২০টি গ্রামের ভোটার সংখ্যা ছিল ৩৫ থেকে ৪০ হাজার। তাই ধারণা করা হয়, বর্তমানে পৌর এলাকায় বসবাসরত অর্ধেকেরও বেশি ভোটার বিভিন্ন শিল্পকারখানার শ্রমিক। তাঁদের কেউ হয়তো জমি কিনে স্থায়ীভাবে বাস করছেন, আবার কেউ বিভিন্ন বাসাবাড়িতে ভাড়া থাকছেন। পৌরসভার চন্দ্রা এলাকার নায়াগ্রা টেক্সটাইলের শ্রমিক সুলতান মাহমুদ বলেন, দীর্ঘদিন পৌর এলাকায় বসবাস করায় এখানেই পরিবার নিয়ে তিনি ভোটার হয়েছেন। নির্বাচনের প্রচার শুরু হলেও এখনো কেউ ভোট চাননি। তবে প্রার্থীদের সম্পর্কে খোঁজখবর নিয়ে যোগ্য প্রার্থীকেই তিনি ভোট দেবেন। বিশ্বাসপাড়া এলাকার আরএল কারখানার শ্রমিক মরিয়ম বেগম, সাবরিনা ও রোজিনা বলেন, শ্রমিকদের জন্য যিনি কাজ করবেন, নতুন কাজের ব্যবস্থা করবেন ও কথায় কথায় শ্রমিক ছাঁটাই বন্ধ করবেন, তাঁকেই তাঁরা ভোট দেবেন। সফিপুর রহিম টেক্সটাইলের কর্মকর্তা হেলাল উদ্দিন জানান, কালিয়াকৈর পৌরসভার প্রার্থীদের ভাগ্য নির্ধারণ করবেন বিভিন্ন কারখানার শ্রমিক। অথচ সেই শ্রমিকেরাই অনেক অবহেলিত এবং নানাভাবে নির্যাতিত হচ্ছেন। তাই জনপ্রতিনিধিদের উচিত সব সময় শ্রমিকদের পাশে দাঁড়ানো। এতে যেমন শ্রমিকেরা অবহেলিত বা নির্যাতিত হবেন না, তেমনি কারখানাগুলোয় অকারণে শ্রমিক অসন্তোষও দেখা দেবে না।মৌচাক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরুল ইসলাম সিকদার জানান, কালিয়াকৈর পৌরসভা মৌচাক ইউনিয়নের বেশির ভাগ গ্রাম নিয়েই গঠিত। ১১ বছর আগে এখানে ভোটার ছিল ১৮-২০ হাজারের মতো। এখনকার ভোটারদের বেশির ভাগ বিভিন্ন শিল্পকারখানার শ্রমিক। তাই এখন থেকে কালিয়াকৈরের যেকোনো নির্বাচনেই কারখানার শ্রমিকদেরই প্রাধান্য বেশি দিতে হবে।সুশাসনের জন্য নাগরিক (সুজন) কালিয়াকৈর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাহবুব হাসান প্রথম আলোকে জানান, শ্রমিকদের চাহিদা খুব বেশি নয়, খেয়ে পরে বেঁচে থাকা তাঁদের কাম্য। তাই শ্রমিকদের ভোট নিয়ে যিনি জয়লাভ করবেন, তাঁর প্রথম কাজ হওয়া উচিত শ্রমিকদের খোঁজখবর নেওয়া এবং তাঁদের সমস্যার সমাধান করা।