পয়লা মে উপলক্ষে আজ বুধবারের পূর্বঘোষিত শ্রমিক মহাসমাবেশ বাতিল করেছে গণজাগরণ মঞ্চ। এর বদলে আজ বিকেল চারটায় শাহবাগের গণজাগরণ মঞ্চে সাভারে ভবনধসে নিহত ব্যক্তিদের স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত হবে। শোকসভায় শ্রমিক নেতা ও নাগরিক সমাজের নেতারা অংশ নেবেন।গতকাল মঙ্গলবার বিকেলে গণজাগরণ মঞ্চের বৈঠকে আজকের শ্রমিক সমাবেশ বাতিল করে নাগরিক শোকসভা অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে ১৫টি শ্রমিক সংগঠনের নেতারা অংশ নেন। আজকের শোকসভায় এসব শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা ছাড়াও বিভিন্ন খাতের শ্রমিকেরা যোগ দেবেন বলে গণজাগরণ মঞ্চের নেতারা জানান।এ ব্যাপারে গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক মারুফ রসুল প্রথম আলোকে জানান, সাভারের রানা প্লাজার মর্মান্তিক দুর্ঘটনার কারণে শ্রমিক সমাবেশের সিদ্ধান্ত বাতিল করা হয়েছে। তবে ৩ মে গণজাগরণ মঞ্চের সারা দেশের প্রতিনিধিদের নিয়ে যে সভার কর্মসূচি রয়েছে তা পালিত হবে।