প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আশুলিয়ার নিশ্চিন্তপুরে তৈরি পোশাক কারখানা তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডে শতাধিক শ্রমিকের মৃত্যুর ঘটনায় করা মামলায় গতকাল রোববার আরও একজন সাক্ষ্য দিয়েছেন। তাজরীন ফ্যাশনসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দেলোয়ার হোসেনসহ ১৩ জন এ মামলার অভিযোগপত্রভুক্ত আসামি।
গতকাল আদালতে সাক্ষ্য দেন জব্দ তালিকার সাক্ষী সোনা মিয়া। পরে তাঁকে আসামিপক্ষের জেরা শেষে আগামী ৬ মার্চ পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেন ঢাকার অতিরিক্ত জেলা ও দায়রা জজ এস এম সাইফুল। আসামিপক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী টি এম আকবর, এ টি এম গোলাম গাউছ ও ফারুক আহমেদ।
এর আগে এ মামলার বাদী আশুলিয়া থানার তৎকালীন উপপরিদর্শক খায়রুল ইসলাম আদালতে সাক্ষ্য দেন।
২০১২ সালের ২৪ নভেম্বর সন্ধ্যায় আশুলিয়ার নিশ্চিন্তপুরে তুবা গ্রুপের তাজরীন ফ্যাশনসে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১১ জন পোশাকশ্রমিকের মৃত্যু হয়।