শ্রমিক লীগ নেতা ও তাঁর জামাতার হুমকির অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি শুক্কুর মাহমুদ ও তাঁর জামাতা বকুলের বিরুদ্ধে চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ করেছেন কাজী আবদুস সাত্তার নামের একজন ব্যবসায়ী। গতকাল বুধবার নারায়ণগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে ব্যবসায়ী সাত্তার বলেন, তিনি শহরের বরফকল খেয়াঘাট এলাকায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কাছ থেকে ২ একর ৯ শতাংশ জমি ইজারা নিয়ে সেখানে শিশুদের একটি বিনোদন কেন্দ্র নির্মাণের কাজ করছেন। ওই ঘাট এলাকাতেই অবৈধভাবে বালু উত্তোলনের কাজ করছেন শ্রমিক লীগের নেতা শুক্কুর মাহমুদের জামাতা বকুল। তিনি নির্মাণাধীন ওই বিনোদন কেন্দ্র এলাকার মাটি কেটে নদী থেকে তাঁর তোলা বালু পারে ওঠানোর জন্য জেটি নির্মাণ করেন। এ ছাড়া পার্কের জন্য বালু ব্যবসার ক্ষতি হয়েছে বলে শ্বশুর শুক্কুর মাহমুদের দাবির পরিপ্রেক্ষিতে বকুলকে তিনি তিন লাখ টাকা ক্ষতিপূরণও দেন।
একজন অবৈধ বালু ব্যবসায়ীকে ক্ষতিপূরণ দেওয়ার কারণ ব্যাখ্যা করে ব্যবসায়ী বলেন, ওই এলাকায় শুক্কুর মাহমুদের একটি শ্রমিক সংগঠন আছে। চাঁদা না দিলে কাজ করা কঠিন হবে ভেবে চাঁদাটা দেন। কিন্তু এর পরও গত মঙ্গলবার বকুল ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকি দেন। এ ঘটনায় তিনি নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি সাধারণ ডায়রিও করেছেন বলে জানান। এ ছাড়া বকুল তাঁর নির্মাণাধীন পার্কের দুজন শ্রমিককেও মারধর করেন বলে অভিযোগ করেন ব্যবসায়ী।
জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি শুক্কুর মাহমুদ ও তাঁর জামাতা বকুলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।