শ্রমিক লীগ নেতাকে কুপিয়ে জখম
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় গত শুক্রবার রাতে শ্রমিক লীগের নেতা নিজাম মোল্যাকে (২৯) কুপিয়ে জখম করে টাকা ও স্বর্ণালংকার নিয়ে গেছে একদল ছিনতাইকারী। তিনি গোয়ালন্দঘাট শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিজাম মোল্যার বড় ভাই উজ্জ্বল হোসেন জানান, গত শুক্রবার রাত সাড়ে ১১টায় নিজাম দৌলতদিয়া রেলস্টেশনের কাছে পুড়াভিটা এলাকায় যান। এ সময় ১৫-২০ জন ছিনতাইকারী নিজামের কাছ থেকে সব ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। নিজাম দৌড়ে আওয়ামী লীগের স্থানীয় কার্যালয়ের পেছনের শৌচাগারে আত্মগোপন করে। ছিনতাইকারীরা শৌচাগার থেকে তাঁকে টেনেহিঁচড়ে বের করে কোপাতে থাকে এবং তার কাছ থেকে স্বর্ণের চেইন, মুঠোফোনসহ প্রায় ৫৫ হাজার টাকার মালামাল নিয়ে যায়। গোয়ালন্দঘাট থানার ওসি মো. আবুল বাসার বলেন, আগের বিরোধ নিয়ে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে।