শ্রমিক লীগ নেতার দোকান উঠছে রেললাইন ঘেঁষে
বগুড়া শহরের দুটি স্থানে ক্ষমতাসীন দলের দুই নেতা রেলওয়ের জমি দখল করেছেন বলে অভিযোগ উঠেছে। বাদুড়তলায় রেললাইন ঘেঁষে দোকানপাট নির্মাণ করছেন জেলা শ্রমিক লীগের নেতা। আর কামারগাড়িতে কলেজের সামনের জায়গায় জলাশয় ভরাট করাচ্ছেন ছাত্রলীগের এক নেতা। নেতাদের দাবি, তাঁরা রেলওয়ের জমি ইজারা নিয়েছেন।সরেজমিনে গত শনিবার বাদুড়তলা এলাকায় দেখা যায়, ১ নম্বর রেলগেটে শাপলা মার্কেটের কাছে রেললাইনের উত্তর পাশ ঘেঁষে চার ফুট উঁচু দুটি দেয়াল তোলা হয়েছে। সমান্তরাল দেয়াল দুটি দৈর্ঘ্যে ২৮০ ফুট, প্রস্থে পাঁচ ফুট। এখানে ৫৬টি দোকানঘর হবে। অথচ রেলের আইনানুযায়ী, রেললাইনের দুই পাশে ২০ ফুটের মধ্যে কোনো স্থাপনা করা যাবে না। গত বৃহস্পতিবার থেকে বাদুড়তলায় ইটের গাঁথুনি দিয়ে দোকানঘর তৈরির কাজ শুরু হয়। এ সময় আশপাশের দোকানমালিকেরা বাধা দেন। তাঁরা অভিযোগ করেন, রেলের জায়গা দখল করে জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শামছুদ্দিন শেখ দোকানঘর করছেন।নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী বলেন, ‘দোকান না হতিই আট ফুটের একটি দোকানঘরের দাম হাঁকিচ্ছে পাঁচ লাখ টাকা।’ জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শামছুদ্দিন শেখ জানান, রেল বিভাগ থেকে ইজারা নিয়েই তিনি দোকানঘর করছেন। তাঁর দলের কিছু নেতা ও কয়েকজন ব্যবসায়ী আছেন তাঁর সঙ্গে। তবে তিনি ইজারার কোনো কাগজপত্র দেখাতে পারেননি। ১৯৯৭ সালের পর রেল বিভাগ নতুন করে কোনো জমি ইজারা দিচ্ছে না। তাহলে আপনি ইজারা নিলেন কী করে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটা আগেই ইজারা নেওয়া হয়েছিল।’এদিকে কামারগাড়িতে সরকারি আযিযুল হক কলেজের সামনে ছাত্রলীগ সরকারি আযিযুল হক কলেজ শাখার আহ্বায়ক আবু জাফর মাহমুদুন্নবী রেলওয়ের একটি ডোবা ভরাট করছেন বলে স্থানীয় ব্যক্তিরা অভিযোগ করেছেন।গত শনিবার সরেজমিনে দেখা যায়, কলেজের বিপরীতে রেলওয়ের ডোবার একাংশ মাটি ফেলে ভরাট করা হচ্ছে। স্থানীয় ব্যক্তিরা জানান, ১০-১২ দিন আগে ভরাটের কাজ শুরু হয়। তখন কলেজের অধ্যক্ষ বাধা দিলে কাজ বন্ধ থাকে। গত শুক্রবার থেকে ফের ভরাট কাজ শুরু হয়েছে। এখানেও দোকানঘর তোলা হবে বলে জানা গেছে।ছাত্রলীগ সরকারি আযিযুল হক কলেজ শাখার আহ্বায়ক আবু জাফর মাহমুদুন্নবী জানান, তাঁর ভগ্নিপতি আলমগীর শাহীর (সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক) নামে এই জায়গা ইজারা নেওয়া আছে। সেখানে মাটি ভরাট করাচ্ছেন তিনি।রেলওয়ে (পশ্চিমাঞ্চল) লালমনিরহাটের বিভাগীয় ভূমি কর্মকর্তা আসাদুল হক প্রথম আলোকে বলেন, আদৌ জমি ইজারা আছে কি না, কাগজপত্র না দেখে বলা যাচ্ছে না। তবে রেলের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, আইনানুযায়ী রেললাইনের দুই পাশে ২০ ফুটের মধ্যে কোনো স্থাপনা করা যাবে না।বগুড়া পৌরসভার মেয়র এ কে এম মাহবুবর রহমান বলেন, বাদুড়তলার ওই জায়গাটি মানুষের চলাচলের রাস্তা হিসেবে ব্যবহার হতো। জায়গা রেলের হলেও সেখানে কোনো স্থাপনা করতে পৌরসভার অনুমতি লাগবে। কিন্তু পৌরসভা থেকে কোনো নকশা অনুমোদন দেওয়া হয়নি। বিষয়টি তদন্তের জন্য ওই এলাকার কাউন্সিলরকে নির্দেশ দেওয়া হয়েছে। বগুড়ায় রেলওয়ে ভূমি বিভাগের কাননগো ইকবাল হোসেন বলেন, ‘এসব জায়গা ইজারা সাধারণত ওপর মহল থেকে হয়ে থাকে। শুনেছি, যাঁরা দোকানঘর করছেন, তাঁরা ইজারা নিয়েছেন।’ অপর এক প্রশ্নের জবাবে কাননগো বলেন, ‘কলেজের সামনে ছাত্রলীগ নেতা যে জায়গা দখল করছেন, সেখানে আলমগীর শাহীর নামে আট ফুট জমি ইজারা দেওয়া আছে। কিন্তু তিনি বেশি জায়গা দখল করায় তাঁকে মাটি ফেলতে নিষেধ করা হয়। তিনি নিষেধ শোনেননি। এ ব্যাপারে আবারও পদক্ষেপ নেওয়া হবে।’