শ্রমিক লীগ নেতার রগ কেটে দিল সন্ত্রাসীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর কলাপাড়ার চাকামইয়া ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি আজিজুল হক ওরফে বুদাইয়ের (৩৫) বাঁ পায়ের রগ কেটে দিয়েছে সন্ত্রাসীরা। গত সোমবার রাতে উপজেলার নাচনাপাড়ায় এই ঘটনা ঘটে। যুবদলের নেতা-কর্মীরা এই হামলা চালিয়েছেন বলে শ্রমিক লীগের ওই নেতা অভিযোগ করেছেন।
গতকাল মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আজিজুল হক অভিযোগ করেন, তিনি গত সোমবার রাত নয়টার দিকে চাকামইয়ার বাড়ি থেকে মোটরসাইকেলে শ্বশুরবাড়ি টিয়াখালী ইউনিয়নের নাচনাপাড়া গ্রামে যাচ্ছিলেন। পথে টেন্ডলবাড়ীর কাছে পৌঁছালে চাকামইয়া ইউনিয়নের যুবদলের নেতা রিয়াজ, রাজীব ও শাওনের নেতৃত্বে সন্ত্রাসীরা তাঁর ওপর অতর্কিত হামলা চালায়। একপর্যায়ে তারা রামদা দিয়ে তাঁর বাঁ পায়ের রগ কেটে দেয়। এরপর কী হয়েছে তা তিনি বলতে পারেন না।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, সন্ত্রাসীরা চলে গেলে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি ঘটলে তাঁকে গতকাল মঙ্গলবার বিকেলে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
চাকামইয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য রিয়াজ বলেন, ‘আজিজুল নিজে বহু অপকর্মের সঙ্গে জড়িত। আমাদের ফাঁসানোর জন্য কোনো মহলের দ্বারা প্রভাবিত হয়ে তিনি এমন অভিযোগ করছেন।’ কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম তারিকুল ইসলাম বলেন, এটা কোনো রাজনৈতিক হামলার ঘটনা নয়।