চট্টগ্রামে গতকাল শুক্রবার রেলওয়ে শ্রমিক লীগের নেতা-কর্মীরা সাংবাদিকদের লাঞ্ছিত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। দুপুরে নগরের সিআরবি রেলওয়ের ডাকবাংলোয় যোগাযোগমন্ত্রীর প্রেস ব্রিফিংয়ের পরপরই এ ঘটনা ঘটে। সাংবাদিকদের দুটি মুঠোফোন ও টেপ রেকর্ডার খোয়া যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।জানা গেছে, গতকাল রাতে মন্ত্রী সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে তিনি ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন। তিনি তদন্ত কমিটি করে এক সপ্তাহের মধ্যে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। বৈঠক সূত্রে জানা গেছে, রেলওয়ের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. নূরুল আমিনকে অবিলস্বে কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়। সেই সঙ্গে দুই সাংবাদিকের খোয়া যাওয়া মুঠোফোন ও টেপ রেকর্ডার উদ্ধার করতে নগর পুলিশের উপকমিশনার (উত্তর) আমেনা বেগমকে নির্দেশ দেন।প্রত্যক্ষদর্শীরা জানান, যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন গতকাল দুপুর ১২টার দিকে সড়ক ও জনপথ বিভাগ (সওজ) এবং রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিং করেন। ব্রিফিংয়ের শেষ পর্যায়ে রেলওয়ে শ্রমিক লীগের যুগ্ম সম্পাদক মো. লোকমানের নেতৃত্বে ২০-২৫ জন নেতা-কর্মী ঘটনাস্থলে মিছিল নিয়ে ঢুকে মন্ত্রীকে ফুল দেন। তাঁরা চলে যাওয়ার পর মন্ত্রীর সামনের টেবিলে থাকা সাংবাদিকদের একটি টেপ রেকর্ডার ও দুটি মুঠোফোন সেট খোয়া যায়। খোয়া যাওয়া টেপ রেকর্ডার ডেইলি স্টার-এর সাংবাদিক দ্বৈপায়ন বড়ুয়ার। এ ছাড়া ফোনসেট দুটি বাংলানিউজের শিউলি হাজেরা ও চ্যানেল আইয়ের সাজিব আহমেদের। এ সময় মন্ত্রী অন্য কক্ষে চলে যান।মুঠোফোন ও টেপ রেকর্ডার খোয়া যাওয়ার বিষয়টি সাংবাদিকেরা শ্রমিক লীগের নেতাদের জানালে দুই পক্ষের মধ্যে বাগিবতণ্ডা শুরু হয়। একপর্যায়ে সাংবাদিকদের ওপর চড়াও হন শ্রমিক লীগের নেতারা। তাঁরা সাংবাদিকদের গালাগাল করেন। একপর্যায়ে তাঁরা সাংবাদিকদের ধাক্কা দিতে থাকেন। শ্রমিক লীগের নেতারা অভিযোগ করেন, সাংবাদিকেরা তাঁদের চুরির অপবাদ দিয়েছেন। তাঁরা কেবল এই অভিযোগের প্রতিবাদ করেছেন।দ্বৈপায়ন বড়ুয়া প্রথম আলোকে বলেন, ‘মোবাইল ফোন খোয়া যাওয়া এবং শ্রমিক লীগের নেতাদের হাতে সাংবাদিকদের লাঞ্ছিত হওয়ার কথা শুনে মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা আমাদের তাঁর সামনে ডেকে নিয়ে টাকা দিতে চেয়েছিলেন। আমরা তা নিইনি।এ ঘটনার প্রতিবাদে দুপুরে তাৎক্ষণিক চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) কার্যালয়ে এক প্রতিবাদ সভা হয়। এতে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন ও প্রেসক্লাবের নেতারা বক্তৃতা করেন। তাঁরা সাংবাদিকদের ওপর চড়াও হওয়ার ঘটনার তীব্র নিন্দা জানান।