শ্রমিক লীগের নেতার কাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জ পৌর এলাকার জয়রা মহল্লায় প্রশস্ত রাস্তা তৈরির জন্য সংখ্যালঘু দুটি পরিবারের ২০টি মেহগনিগাছের চারা ও একটি গাবগাছ জোর করে কেটে ফেলেছেন শ্রমিক লীগের এক নেতা৷ ভেঙে ফেলেছেন একটি টিনের ঘর৷
এ ঘটনায় জেলা শ্রমিক লীগ ও জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি বাবুল সরকার ও তাঁর লোকজনের বিরুদ্ধে গতকাল মঙ্গলবার মামলা করা হয়েছে৷ বাবুল সরকার গাছ কাটা ও ঘর ভাঙার অভিযোগ অস্বীকার করেছেন৷
পুলিশ, এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, প্রায় পাঁচ বছর আগে পৌর এলাকার জয়রা নমপাড়া মহল্লায় শ্রমিক লীগের নেতা বাবুল সরকারের স্ত্রী পৌর কাউন্সিলর নাজমা বেগমের নামে চার শতক জমি কেনা হয়৷ সম্প্রতি ওই জমির ওপর বসতঘর নির্মাণ করে ভাড়া দেওয়া হয়৷ ওই বাড়িতে যাতায়াতের রাস্তার জন্য গ্রামের অনিল সরকার ও জগদীশ সরকারের বাড়ির পাশ দিয়ে জায়গা দেওয়া হয়৷ রাস্তাটি প্রশস্ত করতে গত সোমবার দুপুরে বাবুল সরকারের নেতৃত্বে ২০-২৫ জন লোক ওই রাস্তার পাশের অন্তত ২০টি মেহগনিগাছের চারা ও একটি গাবগাছ কেটে ফেলেন৷
গতকাল সরেজমিনে গেলে অনিল সরকারের ভাই সুনীল সরকার বলেন, রাস্তার পাশে একটি টিনের ছাপরাঘর ছিল৷ বাবুল ও তঁার লোকজন গাছ কাটার পর ঘরটিও ভেঙে নিয়ে যান৷
বাবুল সরকার বলেন, ওই রাস্তা সম্প্রতি টিনের বেড়া দিয়ে আটকে দেওয়া হয়৷ স্থানীয় লোকজনের সহযোগিতায় টিনের বেড়াটি খুলে ফেলা হয়েছে৷ ওই দুই পরিবারের লোকজন নিজেরাই গাছ কেটে তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছেন৷
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান জানান, গাছ কাটা ও ঘর ভাঙার ঘটনায় অনিল সরকার মামলা করেছেন৷ ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পাওয়া গেছে৷ এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে৷