শ্রমিক লীগের নেতার বিরুদ্ধে মামলা
শ্রমিক লীগের এক নেতার নেতৃত্বে একদল লোক বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর কর্মকর্তা ও কর্মচারীদের ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গত বুধবার গৌরনদী উপজেলা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদকসহ ১০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তারা বলেন, গৌরনদী উপজেলা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. কামাল ফকিরের কাছে পল্লী বিদ্যুৎ সমিতির সাড়ে চার হাজার টাকার বিল বকেয়া রয়েছে। বারবার নোটিশ দেওয়ার পরও তিনি বিল পরিশোধ করেননি। বিল না দেওয়ায় গত মঙ্গলবার সমিতির গৌরনদী আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মো. আনছার উদ্দিনসহ সমিতির একটি দল কামাল ফকিরের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে যায়। এ সময় তিনি সমিতির কর্মীদের গালাগাল করেন। একপর্যায়ে কামাল ফকিরের নেতৃত্বে ১০-১২ জন লোক লাঠিসোঁটা নিয়ে সমিতির কর্মীদের ওপর হামলা চালায়। হামলাকারীরা সমিতির লোকজনকে পিটিয়ে আহত করে ও তাঁদের পরনের কাপড় ছিঁড়ে ফেলে। পরে তারা গাড়ি ভাঙচুর করে।
হামলার ঘটনাকে দুঃখজনক হিসেবে বর্ণনা করে কামাল ফকির বলেন, ‘আমি বা আমার কোনো সমর্থক হামলার সঙ্গে জড়িত নয়।’