শ্রমিকনেতা মন্টু ঘোষসহ চারজন শ্রমিকনেতার ওপর হামলার ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে জাতীয় শ্রমিক লীগের নেতা আবদুল মান্নানকে গত রোববার গভীর রাতে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁকে গ্রেপ্তারের খবরে ওপেক্স অ্যান্ড সিনহা গ্রুপের শ্রমিকেরা গতকাল সোমবার আনন্দমিছিল করেছেন।সোনারগাঁ থানার পুলিশ জানায়, ২৬ মে কাঁচপুরে ওপেক্স অ্যান্ড সিনহা গ্রুপের শ্রমিকদের সঙ্গে কথা বলে বাড়ি ফেরার পথে কাঁচপুর কলাপট্টি মার্কেটের সামনে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি মন্টু ঘোষসহ চারজন শ্রমিকনেতাকে সন্ত্রাসীরা মারধর করে আহত করে। এ ঘটনায় গত রোববার বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়নের সাধারণ সম্পাদক রুহুল আমিন অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে সোনারগাঁ থানায় একটি মামলা করেন। মামলার পর পুলিশ তদন্ত করে ঘটনার সঙ্গে জাতীয় শ্রমিক লীগের কাঁচপুর শিল্পাঞ্চল শাখার সভাপতি ও স্থানীয় কাঁচপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুল মান্নানের সংশ্লিষ্টতা পায়। পরে ওই রাতেই সোনারগাঁ থানার একদল পুলিশ আবদুল মান্নানকে তাঁর সোনাপুর গ্রামের বাসভবন থেকে গ্রেপ্তার করে সরাসরি জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নিয়ে যায়। সেখানে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন বলে এ মামলার তদন্তকারী কর্মকর্তা সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) বেলায়েত হোসেন জানান।গতকাল সোমবার পাঁচ দিনের পুলিশ রিমান্ড চেয়ে আবদুল মান্নানকে নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করা হয়। আদালত আজ মঙ্গলবার শুনানির দিন ধার্য করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। নারায়ণগঞ্জ জেলা শ্রমিক-কর্মচারী সংগ্রাম পরিষদের উপদেষ্টা শ্রমিকনেতা মাহবুব ইসমাইল বলেন, ‘পুলিশ শ্রমিকদের নির্যাতনকারী একজন বিতর্কিত ব্যক্তিকে গ্রেপ্তার করে শ্রমিকদের মধ্যে স্বস্তি ফিরিয়ে এনেছে। তাই আমরা মঙ্গলবার থেকে আন্দোলন বন্ধ করে সব শ্রমিককে কাজে যোগ দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি।’এদিকে গত রোববার শ্রমিক বিক্ষোভের সময় কলাপট্টি নামের একটি মার্কেটে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় গতকাল সোমবার ওই মার্কেটের মালিক শাহ আলম বাদী হয়ে ৫০০-৬০০ অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে সোনারগাঁ থানায় মামলা করেছেন। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন-অর-রশিদ জানান, আবদুল মান্নান শ্রমিকনেতাদের ওপর হামলা করা ছাড়াও বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত।