শ্রমিক লীগের হাতে নিয়োগ কমিটির আহ্বায়ক লাঞ্ছিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে পশ্চিমাঞ্চল রেলওয়ের একটি পদে নিয়োগের জন্য গঠিত কমিটির আহ্বায়ক আরিফুল ইসলামকে শ্রমিক লীগের নেতা-কর্মীরা লাঞ্ছিত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে আরিফুল ইসলাম পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রধান প্রকৌশলীর কাছে অভিযোগ করেছেন।রেলওয়ে সূত্রে জানা গেছে, রেলওয়ের ‘ওয়েম্যান’ পদে দুই হাজার ৭১১ জনকে নিয়োগের জন্য গত বছরের ২৪ অক্টোবর পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। আবেদনের শেষ তারিখ ছিল ২২ নভেম্বর। এতে লক্ষাধিক আবেদনপত্র জমা পড়ে। এই নিয়োগের জন্য কোনো লিখিত পরীক্ষা ছিল না। গত দুই মাস ধরে মৌখিক পরীক্ষা নেওয়া হচ্ছিল। এখন মৌখিক পরীক্ষার ভিত্তিতে প্রার্থীদের তালিকা চূড়ান্ত করার কাজ চলছে।এই নিয়োগের জন্য বাংলাদেশ রেলওয়ে থেকে ছয় সদস্যের একটি কমিটি গঠন করা হয়। এই কমিটির আহ্বায়ক বাংলাদেশ রেলওয়ের জয়দেবপুরের সহকারী নির্বাহী প্রকৌশলী আরিফুল ইসলাম।পশ্চিমাঞ্চল রেল সূত্র জানায়, আরিফুল ইসলাম বর্তমানে ঢাকার সাভারে বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে একটি প্রশিক্ষণ নিচ্ছেন। সাপ্তাহিক ছুটির দিনে তিনি রাজশাহীতে গিয়ে নিয়োগের বিষয়টি তদারক করেন। গত শুক্রবারও তিনি এ কাজে রাজশাহীতে যান। কাজ শেষে রাত নয়টার দিকে তিনি শহরের শিরোইল এলাকায় পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপকের কার্যালয়ের সামনে থেকে গাড়িতে উঠছিলেন। এ সময় চিফ পার্সোনেল অফিসের ওয়েলফেয়ার ইন্সপেক্টর ও শ্রমিক লীগ, রেলভবন, রাজশাহী শাখার সাধারণ সম্পাদক ওয়ালি খান সংগঠনের লোকজন নিয়ে আরিফুল ইসলামের গতি রোধ করেন। তিনি কেন শ্রমিক লীগের নেতাদের ফোন ধরছিলেন না, তা জানতে চান। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে তাঁরা আরিফুল ইসলামকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন।এ ঘটনার পরপরই আরিফুল ইসলাম পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রধান প্রকৌশলী মোজাম্মেল হকের কাছে মৌখিকভাবে অভিযোগ করেন। প্রধান প্রকৌশলী এ বিষয়ে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। পরে রাত ১২টার দিকে আরিফুল ইসলাম ঢাকার উদ্দেশে বাসে ওঠেন।এ ব্যাপারে আরিফুল ইসলামের সঙ্গে গতকাল শনিবার মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি কোনো কথা বলতে চাননি।তবে প্রধান প্রকৌশলী মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে জানান, বিষয়টি তদন্ত করে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।এ বিষয়ে জানতে চাইলে ওয়ালি খান প্রথম আলোকে বলেন, ‘বর্তমানে আওয়ামী লীগ সরকার ক্ষমতায়, অথচ নিয়োগের ব্যাপারে আমরা কিছুই জানি না। রাতের অন্ধকারে নিয়োগের কাজ শেষ করে তাঁরা চলে যাচ্ছিলেন। আমি বারবার ফোন করলেও আহ্বায়ক ফোন ধরেননি। ফোন না ধরার কারণ জানতে চাইলে তিনি (আহ্বায়ক) ক্ষিপ্ত হয়ে আমাদের এক কর্মীর গায়ে হাত তোলেন।’