শ্রমিক শ্রেণীর অধিকার প্রতিষ্ঠায় আজীবন লড়াই করেছেন মানিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শোষণহীন সমাজ প্রতিষ্ঠা এবং শ্রমিক শ্রেণীর অধিকার প্রতিষ্ঠায় প্রয়াত সাইফউদ্দিন মানিক আজীবন লড়াই করেছেন। শ্রমিক সংগঠন যাতে রাজনৈতিক দলের লেজুড়বৃত্তিতে জড়িয়ে না পড়ে প্রয়াত মানিক এ বিষয়ে সচেষ্ট থাকতেন সব সময়। তিনি এ দেশে অসাম্প্রদায়িক আন্দোলন ও প্রগতিশীল-গণতান্ত্রিক নানা আন্দোলনে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। গতকাল সোমবার গণফোরামের সাবেক সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের (টিইউসি) প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক প্রয়াত সাইফউদ্দিন আহমেদ মানিকের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় এসব কথা বললেন বক্তারা। টিইউসি কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন টিইউসির সহসভাপতি লুৎফর রহমান। সভায় বক্তারা বলেন, শ্রমিকদের ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) গঠনের পুরোধা ছিলেন সাইফউদ্দিন মানিক। ছাত্র আন্দোলন, মুক্তিযুদ্ধ শ্রমিক আন্দোলনের সিঁড়ি বেয়ে বাম রাজনীতি তথা জাতীয় রাজনীতিতে অন্যতম নেতায় পরিণত হয়েছিলেন প্রয়াত মানিক। তাঁর শূন্যতা কখনো পূরণ হওয়ার নয় বলেও মন্তব্য করেন বক্তারা। স্মরণসভায় অন্যান্যের মধ্যে আলোচনা করেন টিইউসির সাধারণ সম্পাদক ওয়াজেদুল ইসলাম খান, জাতীয় শ্রমিক লীগের সভাপতি শুকুর মাহমুদ, বাংলাদেশ লেবার ফেডারেশনের সভাপতি শাহ মো. আবু জাফর, জাতীয় শ্রমিক ফেডারেশনের বাংলাদেশের সাধারণ সম্পাদক শফিউদ্দিন আহমেদ প্রমুখ। বিজ্ঞপ্তি।