শ্রমিক-সংকটে আমন রোপণে ধীর গতি, বিপাকে কৃষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিলীপ সরদার এবার আমন চাষ করছেন ২ একর জমিতে। তাঁর আমনের বীজতলা বৃষ্টিতে তলিয়ে গিয়েছিল। নতুন করে আবার বীজতলা তৈরি করেছেন। চারাগুলোও বড় হয়েছে। কিন্তু চারা রোপণ নিয়ে পড়েছেন বিপাকে। কারণ, শ্রমিক-সংকট। ফলে নিজেই ধানের চারা রোপণে নেমে পড়েছেন।

দিলীপের বাড়ি খুলনার দাকোপ উপজেলার কালিকাবাটি গ্রামে। তিনি বলেন, ‘আমন রোপণের মৌসুম পার হয়ে যাচ্ছে। এ বছর মজুরি গত বছরের চেয়ে অনেক বেশি। মজুরও পাওয়া যাচ্ছে না। সারা বছর এই একটা ফসলের ওপর ভরসা করতে হয়। বসে থাকলে তো চলবে না, তাই নিজেরাই শুরু করেছি।’

উপজেলার নয়টি ইউনিয়নের বিভিন্ন গ্রাম ঘুরে দেখা গেছে, কোনো কোনো জায়গায় ধান রোপণ চলছে। তবে চাহিদামতো শ্রমিক না পাওয়ায় কাজ চলছে ধীর গতিতে। আবার অনেক এলাকায় এখনো ধান রোপণ শুরু হয়নি।

দাকোপ উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা যায়, চলতি মৌসুমে উপজেলায় আমন চাষের লক্ষ্য ১৯ হাজার হেক্টর জমি। শ্রমিক-সংকটে রোপণ কিছুটা বিলম্বিত হচ্ছে।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. মোছাদ্দেক হোসেন শ্রমিক-সংকটের কথা স্বীকার করে বলেন, ‘কৃষিতে শ্রমিক-সংকট বাড়তে থাকবে। আমরা কৃষকদের রাইস ট্রান্সপ্ল্যান্টার যন্ত্রের সাহায্যে ধান লাগাতে উৎসাহিত করছি। এতে অত্যন্ত কম খরচ ও কম জনবল ব্যবহার করে ধানের চারা লাগানো যাবে। ঘণ্টায় ১ একর জমিতে চারা লাগানো যাবে। খরচ পড়বে ৮০০ টাকা। কৃষক যন্ত্রটি ৭০ শতাংশ ছাড়ে নিতে পারবেন। ৩১ হাজার টাকা জমা দিলেই কৃষককে এটা দিতে হবে।’

কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, শ্রাবণের মাঝামাঝি থেকে ভাদ্র মাসের মাঝামাঝি সময় পর্যন্ত আমনের চারা রোপণ করা হয়। প্রতিবছর আগস্টের মধ্যে প্রায় সব জমিতেই ধান লাগানো হয়ে যায়। কিন্তু এ বছর বীজতলা ডুবে থাকায় চারা লাগাতে দেরি হয়েছে। মৌসুম শেষ হয়ে যাচ্ছে। সবাই ধান রোপণে ব্যস্ত হয়ে পড়েছেন। এ জন্য শ্রমিকের চাহিদা ও মজুরি বেড়েছে।

তাঁরা আরও বলেন, ধান রোপণের মৌসুমে পার্শ্ববর্তী কয়রা, পাইকগাছা এবং সাতক্ষীরার বিভিন্ন উপজেলা থেকে মজুরেরা দাকোপে আসেন। সপ্তাহ চুক্তিতে কৃষকের বাড়িতে যান তাঁরা। শ্রমিকের তিন বেলা খাবারের দায়িত্ব থাকে জমির মালিকের। কিন্তু ওইসব এলাকা থেকে এবার লোকজন এসেছেন কম। শ্রমিক-সংকটের কারণে মজুরিও অনেক বেশি। ঈদের আগেই অনেক শ্রমিক বাড়িতে চলে যাবেন।

শ্রমিক সংগ্রহের হাট খুটাখালী বাজার, চালনা, কালীনগর ও নলিয়ান হাটে গিয়ে দেখা যায়, ছয় দিন কাজ করার জন্য একজন কৃষিশ্রমিকের পারিশ্রমিক ৩ হাজার ২০০ থেকে ৩ হাজার ৮০০ টাকা। আর চাহিদার তুলনায় শ্রমিকও কম। স্থানীয় শ্রমিকদের মজুরি আরও বেশি। কয়েকজন কৃষক বলেন, গত বছর শ্রমিক পাওয়া গেছে ২ হাজার থেকে আড়াই হাজার টাকায়। এবার তা অনেক বেড়ে গেছে।

হরিণটানা গ্রামের কৃষক দীপক রায় বলেন, ‘জলাবদ্ধতার কারণে চারা লাগাতে দেরি হয়েছে আমাদের। এখন মজুরি বেশি। আবার সময়ও চলে যাচ্ছে। তাই মানুষ ঋণ করে হলেও দ্রুত ধান লাগানো শেষ করতে চাচ্ছেন। তবে কতজনের পক্ষে এত টাকা দিয়ে ধান লাগানো সম্ভব হবে?’

খেজুরিয়া গ্রামের আরেক কৃষক উৎপল রায় বলেন, ‘প্রায় প্রতিদিন বিভিন্ন হাটে যাচ্ছি। শ্রমিক নিতে পারছি না। যেসব জমিমালিকের টাকা আছে, তাঁরা বেশি দাম দিয়ে শ্রমিক নিয়ে যাচ্ছেন। আমাদের মতো ছোট চাষিরা দাম কমার অপেক্ষায় আছেন।’

সুতারখালী গ্রামের কৃষক লোকমান শেখ বলেন, বীজধান, চাষ, শ্রমিক, সার সব খরচ মিলিয়ে প্রতি বিঘা জমিতে ৬-৭ হাজার টাকা খরচ হচ্ছে। সঠিক সময়ে ধান লাগাতে না পারলে ফলন কমে যায়। তখন তো টাকা ওঠানোই দায় হয়ে যাবে।