শ্রমিক-সংকটে প্রতিমাশিল্পীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় দুর্গাপূজা সামনে রেখে শ্রমিক-সংকটে পড়েছেন প্রতিমাশিল্পীরা। এ সুযোগে শ্রমিকেরা বেশি মজুরি চাইছেন। ফলে পূজা মৌসুমে দৈনিক মজুরির হার বাড়িয়েও অবস্থা সামাল দিতে হিমশিম খাচ্ছেন শিল্পীরা।প্রতিমাশিল্পীদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিমা গড়ার জন্য শিল্পীদের সহযোগী হিসেবে বিশেষ ধরনের অভিজ্ঞতাসম্পন্ন শ্রমিকের প্রয়োজন। মাটি আর রঙের সূক্ষ্ম কাজের হাত না থাকলে সেই শ্রমিককে দিয়ে সঠিক কাজ হবে না। কিন্তু বর্তমান অবস্থা এমন পর্যায়ে গেছে যে বেশি মজুরি দিয়েও অভিজ্ঞ শ্রমিক পাওয়া যাচ্ছে না। শ্রমিকের অভাবে প্রতিমার ‘অর্ডার’ ছেড়ে দিতে বাধ্য হচ্ছেন প্রতিমাশিল্পীরা। আর যে সামান্য শ্রমিকদের পাওয়া যাচ্ছে, তাঁরা দাম হাঁকছেন বেশি। গত বছর যার মজুরি ছিল ২০০ টাকা এবার তিনিই বলছেন ৩০০ টাকার কমে কাজ করবেন না।উপজেলার দেউলী গ্রামের সুজয় মোহন্ত মালাকার বলেন, ‘কষ্টের বলে প্রতিমা গড়ার কাজে নতুন করে কেউ আসতে চাচ্ছে না। নতুন শ্রমিকেরা প্রতিমার চোখ আঁকার মধ্যে কোনো আবেগ খুঁজে পায় না। ফলে এই সব কাজে দক্ষ শিল্পী বা কারিগরের সংখ্যা কমে যাচ্ছে। কিন্তু পাল্লা দিয়ে বাড়ছে বাড়ির পূজা বা সর্বজনীন পূজার সংখ্যা। এই অবস্থায় যারা ভালো কাজ জানেন না, তাঁরাও শিল্পী হয়ে উঠছেন। মুড়ি-মিছরি এক দর হয়ে যাচ্ছে।’ প্রতিমা তৈরির শ্রমিকেরা জানান, প্রতিমার কাজ করে সারা বছর পেট ভরে না। বড়জোর দুই মাস কাজ পাওয়া যায়। বাকি সময় সংসার চালানো মুশকিল হয়ে পড়ে। তাই পেটের দায়ে অন্য পেশায় চলে গেছেন তাঁরা। তা ছাড়া প্রতীমা তৈরির কাজটি বড়ই কঠিন। শ্রমিক গণেশ সাহা (৩০) বলেন, ‘আমি নিজে ১৬ বছর বয়স থেকে প্রতিমা তৈরির শ্রমিক হিসেবে কাজ করেছি। এখন নিজেই প্রতিমা সম্পূর্ণ গড়তে পারি। গত বছর থেকে আর মাটির কাজ করছি না। বদলে দৈনিক ২৫০ টাকা মজুরিতে রাজমিস্ত্রি জোগানদারের কাজ করি। প্রায় সারা বছর এখানে কাজ থাকে।’আরেক শ্রমিক উজ্জ্বল কুমার (২৮) বলেন, ‘প্রতিমার কাজ করা বেশ কঠিন। আবার সারা বছর কাজও পাওয়া যায় না। তাই আমি দেড় মাস প্রতিমা গড়ার কাজ করি। বাকি সময় ভটভটি চালাই।’