শ্রমিক সংগঠনগুলোর ভূমিকা নিয়ে প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবহন মালিক-শ্রমিক সংগঠনের নেতারা সবাই মহাসড়কে ধীর গতির যানবাহন চলাচল বন্ধের দাবিতে সোচ্চার ছিলেন। কিন্তু এখন শ্রমিক ইউনিয়ন ধীর গতির যান চলাচলে নিষেধাজ্ঞার বিরুদ্ধে আন্দোলনে নেমেছে।
মহাসড়কে অটোরিকশা চলাচল বন্ধের সিদ্ধান্ত বাতিল চেয়ে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে যেসব শ্রমিক সংগঠন আন্দোলন করছে, সেগুলো বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের অন্তর্ভুক্ত। চট্টগ্রাম ও সিলেটে অটোরিকশা শ্রমিক ইউনিয়ন ধর্মঘট ডেকেছে। এই সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক ফেডারেশনের আঞ্চলিক কমিটির নির্বাহী সদস্য।
আর ফেডারেশনের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক গোলাম ফারুক সিএনজি অটোরিকশা-অটোটেম্পো সংগ্রাম পরিষদ গঠন করে ঢাকাসহ সারা দেশে মানববন্ধন, স্মারকলিপি পেশ ও বিক্ষোভ কর্মসূচি পালন করছে।
সড়ক পরিবহন মন্ত্রণালয় সূত্র জানায়, এভাবে কেন্দ্রীয়ভাবে ফেডারেশন এক দাবি নিয়ে চাপ প্রয়োগ করে। অন্যদিকে আঞ্চলিক কমিটিগুলো পাল্টা অবস্থান নিয়ে ধর্মঘট ডেকে বসে। এটা আসলে তাদের দর কষাকষির অংশ বলে মনে হয়।
জানতে চাইলে গোলাম ফারুক বলেন, ধীর গতির যানবাহন বন্ধের সিদ্ধান্ত বাস-মালিকদের স্বার্থে নেওয়া হয়েছে। তাঁরা নসিমন, করিমন, ভটভটি ও ইজিবাইক বন্ধের পক্ষে। অটোরিকশা-টেম্পো বন্ধের সিদ্ধান্তে তাঁরা একমত নন।
অবশ্য সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী দাবি করেন, তাঁরা মহাসড়ক থেকে ধীর গতির যানবাহন উচ্ছেদের সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের পক্ষে। তবে সিদ্ধান্ত বাস্তবায়নে দেরি করার কারণে ইতিমধ্যে এসব যানের সংখ্যা ও এর উপকারভোগী বেড়ে গেছে। সরকারের উচিত বিকল্প ব্যবস্থা করা।
ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে ধীর গতির যান চালুর রাখার পক্ষে শ্রমিক সংগঠনের আন্দোলনের বিষয়ে ওসমান আলী বলেন, মাঠপর্যায়ে কিছুটা ভুল বোঝাবুঝি হয়েছে। মালিক-শ্রমিকেরা মনে করেছিল অটোরিকশা কোথাও চলতে পারবে না। আসলে জাতীয় মহাসড়কের বাইরে অন্য সড়কে চলতে বাধা নেই, এটা তাদের বোঝানো হচ্ছে।