শ্রমিক সংগঠনের নামে চাঁদা আদায়ের অভিযোগ
লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে এক বছর ধরে গরু বহনকারী যানবাহন থেকে শ্রমিক সংগঠনের নামে চাঁদা আদায় করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
গতকাল বৃহস্পতিবার সকালে লালমনিরহাটের জেলা প্রশাসক বরাবরে স্থানীয় কয়েকজন বাসিন্দা এ ব্যাপারে লিখিত অভিযোগ দিয়েছেন।
ওই অভিযোগ সূত্রে এবং স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতি শনি ও মঙ্গলবার পাশের কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বালারহাটে গরুর হাট বসে। ওই দিনগুলোতে কুলাঘাট ইউনিয়নের ওয়াবদা বাজার, গ্রামীণ ব্যাংকের মোড়, চরখাটামারী ভালবাসার সেতু, টিকটিকিরহাট বাজার এবং কুলাঘাট উচ্চবিদ্যালয় এলাকায় এক বছর ধরে গরু বহনকারী বিভিন্ন যানবাহন থেকে চাঁদা আদায় করা হচ্ছে। কুলাঘাট ইউনিয়ন আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক হাসান আলী সহ কয়েকজন এই চাঁদা আদায়ের সঙ্গে জড়িত রয়েছেন।
অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে লালমনিরহাটের জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান বলেন, জরুরি ভিত্তিতে অভিযোগগুলো খতিয়ে দেখে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হবে।