শ্রমিক সংগঠনের নামে ছাত্রলীগ নেতার সরকারি জমি দখল
বরগুনার পাথরঘাটা উপজেলা ছাত্রলীগের সহসম্পাদক মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) জমি দখল করে ঘর নির্মাণের অভিযোগ পাওয়া গেছে।স্থানীয় সূত্রে জানা গেছে, মোস্তাফিজুর ১৬ মে রাতে হঠাৎ পাথরঘাটা বিএফডিসি মৎস্য অবতরণকেন্দ্রের পশ্চিম পাশে খালের পাড়ের প্রায় ১০ শতাংশ জমি দখলে নিয়ে বড় একটি ঘর তোলেন এবং সেখানে বিএফডিসি মৎস্যবাজার ঘাট শ্রমিক ইউনিয়ন কার্যালয়ের একটি সাইনবোর্ড টাঙিয়ে দেন। তাঁর বাবা পাথরঘাটা পৌর আওয়ামী লীগের সভাপতি নূরুল আমিন এতে সহযোগিতা করছেন বলে অভিযোগ রয়েছে। তিনি বিএফডিসি মৎস্য আড়তদার সমিতিরও সভাপতি।সরেজমিনে গত বৃহস্পতিবার দেখা গেছে, পাথরঘাটা মৎস্য অবতরণকেন্দ্রের পশ্চিম পাশের ওই জমির অর্ধেক অংশে লম্বাভাবে দোচালা একটি নতুন টিনের ঘর তোলা হয়েছে। চারদিকে টিনের বেড়া দেওয়া থাকলেও ঘরে কোনো জানালা দেখা যায়নি। ঘরের সামনের দরজার ঠিক ওপরে ‘পাথরঘাটা বিএফডিসি মৎস্যবাজার ঘাট শ্রমিক ইউনিয়ন’ নামে একটি সাইনবোর্ড ঝোলানো রয়েছে। এতে লেখা রয়েছে, ‘নিবন্ধন নম্বর ১৫৪৯ ও স্থাপিত ২০০১ এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত’। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, এই জমির মালিক পাউবো। কিন্তু দীর্ঘদিন ধরে জমিটি রাকিবুল আলম ভোগদখল করছেন। প্রকৃতপক্ষে রাকিবুল আলমের দখলস্বত্ব ছাড়া কোনো বন্দোবস্ত নেই। তবে রাকিবুল আলম দাবি করেন, তাঁর বাবা দলিল উদ্দিন আহম্মেদ খান ২২ বছর আগে স্থানীয় আবদুল মজিদের কাছ থেকে এই জমির দখলস্বত্ব কিনে নেন। বাবার মৃত্যুর পর তিনিই জমি ভোগদখল করছেন। ১০ শতাংশ জমির দখলস্বত্ব রেখে অস্থায়ী বন্দোবস্তের জন্য তিনি ছয়-সাত বছর আগে স্থানীয় পাউবো কর্তৃপক্ষের কাছে আবেদনও করেন। আবেদনটি প্রক্রিয়াধীন। রাকিবুল অভিযোগ করেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকেই ক্ষমতার দাপট দেখিয়ে নূরুল আমিন ও তাঁর ছেলে মোস্তাফিজুর রহমান ওই জমি দখলে নিতে মরিয়া হয়ে ওঠেন এবং তাঁকে নানাভাবে ভয়ভীতি দেখান। কয়েক মাস আগে জমিটি দখলে নেওয়ার চেষ্টা করলে তিনি পাথরঘাটা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে পুলিশের হস্তক্ষেপে সে যাত্রায় দখল-প্রক্রিয়া বন্ধ হলেও গত ১৬ মে রাতের অন্ধকারে ঘর তুলে কৌশলে সেখানে শ্রমিক সমিতির সাইনবোর্ড ঝুলিয়ে দেওয়া হয়। স্থানীয় বাসিন্দা আবদুস সত্তার বলেন, ‘ওই জমিটি রাকিবুল আলমের বলে আমরা জানতাম। কিন্তু শ্রমিক ইউনিয়নের সভাপতি মোস্তাফিজুর রহমান ও তাঁর বাবা নূরুল আমিন রাতের আঁধারে হঠাৎ ওই জমিতে ঘর তোলেন।’ নাম-পরিচয় গোপন রাখার শর্তে একই কথা বলেছেন বিএফডিসি এলাকার কয়েকজন মৎস্য ব্যবসায়ী ও আড়তদার। পৌর আওয়ামী লীগের সভাপতি নূরুল আমিন বলেন, ‘আমার ছেলে একটি সংগঠনের নেতা। তার অধীনে ৫০০-৬০০ শ্রমিক আছে। আমি কেন সেখানে জমি দখল করে ঘর তুলতে যাব? আমার ব্যক্তিগত সম্মান ক্ষুণ্ন করার জন্য এ ঘটনায় আমাকে জড়ানো হচ্ছে। তবে ওই জমি পাউবোর। আমার ছেলেও ওখানে অবৈধ; আর আগে যে ব্যক্তি ছিল, সেও অবৈধ। এখন শ্রমিকদের বসার জায়গা নেই বলে ওই জমিতে ওদেরই (শ্রমিক) অগ্রাধিকার দেওয়া উচিত।’ ছাত্রলীগের নেতা মোস্তাফিজুর রহমান বলেন, ‘শ্রমিকদের বসার জায়গা নেই, তাই স্থানীয় সাংসদের অনুমতি নিয়ে আমরা ওই জমিতে ঘর তুলেছি। জমিটির জন্য স্থানীয় সাংসদের সুপারিশসহ আমি ২০১০ সালে পাউবোর কাছে অস্থায়ী বন্দোবস্ত চেয়ে আবেদন করেছি। ওই সময়ে আমি শ্রমিকদের আশ্বাস দিয়েছিলাম, সংগঠনের সভাপতি হতে পারলে সমিতির জন্য একখণ্ড জমি বরাদ্দ আনব। এ জন্য ব্যক্তিগত নামে ওই সময় আবেদন করেছি।’ বরগুনা-২ আসনের (পাথরঘাটা-বামনা-বেতাগী) সাংসদ গোলাম সবুর প্রথম আলোকে বলেন, ‘আমি কোনো অবৈধ দখলদারকে কোনো দিন প্রশ্রয় দিইনি। আমি যত দূর জানি, ওই জমি পাউবোর। পাউবোর উচিত, ওই জমি দখলমুক্ত করতে ব্যবস্থা নেওয়া।’ পাউবো পাথরঘাটা কার্যালয়ের শাখা কর্মকর্তা (এসও) শামসুল হক বলেন, ‘বিএফডিসি এলাকার ওই জমি পানি উন্নয়ন বোর্ডের। এই জমি কাউকে ইজারা বা ডিসিআর দেওয়া হয়নি। তবে ওই এলাকায় অনেকেই পাউবোর জমি অবৈধভাবে দখল করে রেখেছে।’