শ্রমিক সংগঠনের মিছিলে লাঠিপেটা, আহত ২০
ঢাকার অদূরে সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চলে আজ শুক্রবার বিকেলে বিভিন্ন শ্রমিক সংগঠন মিছিল বের করার পর পুলিশ তাদের লাঠিপেটা করেছে। এতে অন্তত ২০ জন শ্রমিক আহত হয়েছেন।
তোবা গ্রুপের পাঁচটি প্রতিষ্ঠানের বকেয়া বেতন-বোনাস ও ওভারটাইম পরিশোধ, গতকাল বৃহস্পতিবার শ্রমিকদের ওপর পুলিশি হামলার প্রতিবাদ ও আগামীকাল শিল্পাঞ্চলে ধর্মঘটের সমর্থনে বিকেল সাড়ে চারটার দিকে তোবা গ্রুপ শ্রমিক সংগ্রাম কমিটির ব্যানারে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। এতে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতি, গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র ও রানা প্লাজা শ্রমিক ইউনিয়নের নেতা-কর্মীসহ অর্ধশতাধিক শ্রমিক অংশ নেন।
মিছিলটি সাভার বাসস্ট্যান্ড এলাকার ঢাকা-আরিচা মহাসড়ক প্রদক্ষিণ করে রানা প্লাজার সামনে পৌঁছালে পুলিশ হামলা চালায়। এ সময় পুলিশ ব্যানার কেড়ে নিয়ে বেধড়ক লাঠিপেটা করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।
পুলিশের লাঠিপেটায় রানা প্লাজা শ্রমিক ইউনিয়নের সভাপতি এমদাদুল ইসলাম, সাধারণ সম্পাদক আবদুল গফুর, গার্মেন্ট শ্রমিক সংহতির সদস্যসচিব জুলহাস নাঈন, সদস্য দীপক রায়, মাহবুব ইরান, নাসরিন আক্তার, আলম মাতব্বরসহ অন্তত ১০ জন আহত হন।
এদিকে বিকেল পাঁচটার দিকে তোবা গ্রুপ শ্রমিক সংগ্রাম কমিটির ব্যানারে আশুলিয়ার জামগড়া এলাকায় মিছিল বের হয়। মিছিলটি জামগড়া এলাকার ফ্যান্টাসি কিংডমের সামনে পৌঁছালে পুলিশ শ্রমিকদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়। এতে গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাভার-আশুলিয়া অঞ্চলের সাধারণ সম্পাদক খায়রুল মামুন ও গার্মেন্টস শ্রমিক সংহতির আবু শামাসহ অন্তত ১০ নেতা-কর্মী আহত হন।
ঘটনার পর গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাভার-আশুলিয়া অঞ্চলের সাধারণ সম্পাদক খায়রুল মামুন সাংবাদিকদের বলেন, তোবা গ্রুপের শ্রমিকসহ এ অঞ্চলের শ্রমিকদের বিভিন্ন সংগত দাবি আদায়ের লক্ষ্যে আগামী কাল ধর্মঘট আহ্বান করা হয়েছে। এর সমর্থনে শান্তিপূর্ণ মিছিল বের করলে পুলিশ কোনো কারণ ছাড়াই শ্রমিকদের লাঠিপেটা করে। তবে এসব করে সরকার আন্দোলনকে আরও বেগবান করছে। ১০ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।
পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রানা প্লাজা শ্রমিক ইউনিয়নের সভাপতি এমদাদুল ইসলাম বলেন, ‘যত বাধাই আসুক না কেন, আগামীকালের ধর্মঘট সফল হবেই। সাভার ও আশুলিয়ার পোশাকশ্রমিকেরা কোনো কাজ করবে না।’